স ম্পা দ কী য়

‘থুসিডাইডিস ট্র্যাপ’

কাজল ঘোষ | মতামত
মে ১৬, ২০২৬
‘থুসিডাইডিস ট্র্যাপ’

পুরনো প্রসঙ্গ। নতুন করে আলোচনায়। শব্দবন্ধের আদ্যপান্তে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। দু’হাজার বছর আগের কথা। গ্রিকের ইতিহাসবিদ থুসিডাইডিস। যিনি এথেন্স ও স্পার্টার যুদ্ধের কাহিনী লিখেছেন। যুদ্ধের কারণ এড়িয়ে থুসিডাইডিস দুই প্রতিদ্বন্দ্বীর ক্ষমতার ভারসাম্যের ফলে পরিবর্তিত চাপের কথা বলেছিলেন। সহজ কথায় বললে একটা ভয়ের পরিস্থিতির কথা বলেছিলেন। যখন পুরনো কোনো শক্তিশালী দেশ দেখতে পায় নতুন আরেকটি দেশ দ্রুত উন্নতি করছে বা সক্ষমতায় তাদের সমান হয়ে যাচ্ছে। তখন দেশ দু’টির সংঘাত বা যুদ্ধ লাগার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটাকেই বলা হচ্ছে ‘থুসিডাইডিস ট্র্যাপ’। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন এই শব্দবন্ধটি জনপ্রিয় করে তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরে শি জিনপিং তার বক্তৃতায় ‘থুসিডাইডিস ট্র্যাপের’ কথা বলেছেন। বিশেষত তাইওয়ান ইস্যুকে ঘিরে শি এই তত্ত্বটি সামনে নিয়ে আসেন। মার্কিন-ইরান সংকটে ট্রাম্পের এই চীন সফর দুনিয়া জুড়ে আলোচনায়। এই সফরে কার লাভ বা কার ক্ষতি এ নিয়ে সরব তামাম দুনিয়ার মিডিয়া। সামনের দিনগুলোতে অপেক্ষা, বিশ্ব পরিস্থিতি কোনদিকে মোড় নেয় তা দেখার। দেখতে দেখতে সরকারের তিন মাস হয়ে গেল। সরকার ঘোষিত হানিমুন পিরিয়ডের নব্বই দিন শেষ। দেশের অচলাবস্থা কাটিয়ে ওঠার মধ্যেই বিশ্ব পরিস্থিতি টালমাটাল হয়ে যায়। তীব্র জ্বালানি সংকট, বাজার পরিস্থিতির ক্রমাগত ঊর্ধ্বগতি মোকাবিলা করাই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এরমধ্যেও সরকার তার নির্বাচনী ইশতেহার নিয়ে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ শুরু করেছে। সংসদীয় রাজনীতিতেও ইতিবাচক অবস্থা বিরাজ করছে। তবে অন্তর্বর্তী সরকারের ভুলের খেসারতও এই সরকারের ওপর চেপেছে। হামে আক্রান্ত হয়ে প্রায় চারশ’র অধিক শিশুমৃত্যুর ঘটনায় চিন্তার ভাঁজ সর্বত্র। সরকার ত্বরিত ব্যবস্থা নেয়ায় দ্রুতই পরিস্থিতির উন্নতি ঘটছে। ১৮০ দিনের  লক্ষ্যমাত্রায় সরকার সফল হবে এমনটাই প্রত্যাশা।
 

মতামত'র অন্যান্য খবর