আন্তর্জাতিক

এক টেবিলে তিন পরাশক্তি কী পেলো বিশ্ব

শ্যামল রায় | আন্তর্জাতিক
নভেম্বর ২১, ২০২৬
এক টেবিলে তিন পরাশক্তি কী পেলো বিশ্ব

বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল এক দৃশ্যের সাক্ষী হলো চীনের শেনঝেন। একই টেবিলে মুখোমুখি বসলেন বিশ্বের তিন প্রধান পারমাণবিক শক্তিধর দেশের নেতা-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এপেক (এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ ত্রিপক্ষীয় বৈঠককে তিন নেতাই ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। নজিরবিহীন ওই আলোচনার টেবিলে উঠে এসেছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ, ইরান সংকট, আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্য এবং জাতিসংঘের ভবিষ্যৎ। বৈঠক শেষে প্রকাশ করা হয়েছে একটি যৌথ ‘শান্তি ঘোষণা’। তাতে পারমাণবিক যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয় বলে পুনর্ব্যক্ত করেছেন তিন নেতা। কিন্তু এত বড় আয়োজনের পরও বিশ্ব কি সত্যিই কোনো শান্তির নিশ্চয়তা পেলো? নাকি এটি ছিল তিন পরাশক্তির নিজেদের অবস্থান শক্ত করার আরেকটি কূটনৈতিক মঞ্চ?
বৈঠকটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। দক্ষিণ চীনের শেনঝেন শহরের বনঘেরা পাহাড়ের পাশে একটি হ্রদসংলগ্ন কাইলিন ভিলায় গোলটেবিল বৈঠকে বসেন তিন নেতা। সাংবাদিকদের বের করে দেয়ার আগে ট্রাম্প শি ও পুতিনকে বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’ তার বক্তব্যে ছিল কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রকাশ। তবে বৈঠক শেষে বড় কোনো চুক্তি কিংবা তাৎক্ষণিক সমাধানের ঘোষণা আসেনি। বরং তিন দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্যগুলোই আরও স্পষ্ট হয়েছে।
শান্তির অঙ্গীকার, কিন্তু বাস্তব অগ্রগতি কতোটা?

বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে সামনে এসেছে যৌথ শান্তি ঘোষণা। চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এবং ক্রেমলিন প্রকাশিত এ ঘোষণায় তিন নেতা পারমাণবিক যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয় বলে পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি জাতিসংঘের সংস্কার, পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তবে ঘোষণার ভাষা যতটা আশাব্যঞ্জক, বাস্তবতা ততটা সহজ নয়। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তির মধ্যে সামরিক ও কৌশলগত প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে চীনের পারমাণবিক সক্ষমতা বাড়ছে। এমন পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে যৌথ অবস্থান গুরুত্বপূর্ণ হলেও অস্ত্রের মজুত কমানো কিংবা নতুন কোনো নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি।

 

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সবচেয়ে কঠিন পরীক্ষা
বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ। আগামী ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই চুক্তিতে দুই দেশের মোতায়েন করা কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৫৫০টিতে সীমাবদ্ধ রাখা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্বেচ্ছায় আরও এক বছর এ সীমা বজায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প তাতে সম্মতি না দিয়ে চীনকে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তির পক্ষে অবস্থান নেন। ওয়াশিংটনের যুক্তি, বিশ্বের অন্যতম প্রধান পারমাণবিক শক্তি হিসেবে চীনকেও ভবিষ্যতের অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হতে হবে। কিন্তু বেইজিংয়ের আপত্তি রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম। তাই সমপর্যায়ের আলোচনায় বসার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটি। বৈঠকে শি জিনপিং পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তবে নতুন কোনো চুক্তি কিংবা অস্ত্র কমানোর সময়সীমা নির্ধারিত হয়নি। ফলে পারমাণবিক ঝুঁকি কমানোর অঙ্গীকারের পাশাপাশি অনিশ্চয়তাও রয়ে গেছে।
 

ইউক্রেন যুদ্ধ: পুতিনের কূটনৈতিক সাফল্য?
বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলেছেন পুতিন। তিনি বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে, যার মধ্যে ইউক্রেন যুদ্ধও অন্তর্ভুক্ত। তবে শি জিনপিং সরাসরি ইউক্রেনের নাম উল্লেখ করেননি। তিনি বলেছেন, বড় শক্তিগুলো যখন সমপ্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে। আর তাদের মধ্যে সংঘাত তৈরি হলে বিশ্ব অস্থির হয়ে ওঠে।
এ বৈঠককে পুতিনের জন্য বড় ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন পঞ্চম বছরে গড়িয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি ও বাণিজ্য দীর্ঘদিন ধরে চাপের মুখে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একই টেবিলে বসা এবং বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ মস্কোর জন্য তাৎপর্যপূর্ণ।
বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সম্পর্কিত বিষয়টি পুতিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইউক্রেনের দখলকৃত অঞ্চল থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় স্থানান্তরের অভিযোগে ২০২৩ সালের মার্চে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। রাশিয়ার শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। এ ছাড়া রাশিয়ার অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পরোয়ানা রয়েছে। মস্কো অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যৌথ ঘোষণায় আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ারের অপব্যবহার না করার কথা বলা হয়েছে। রাষ্ট্রের সম্মতি এবং সরকারি কর্মকর্তাদের দায়মুক্তির অধিকারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ফলে এ অবস্থানকে পুতিনের বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানার আইনি ভিত্তির প্রতি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আন্তর্জাতিক পরিচালক জনাথন ইল বলেছেন, আন্তর্জাতিক নিয়মকানুন ও আদালতের বিরুদ্ধে বড় শক্তিগুলোর অবস্থানই এ বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তার ভাষায়, বড় শক্তিগুলো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, আর ছোট শক্তিগুলোকে তার পরিণতি ভোগ করতে হয়। তার মতে, পুতিন এ বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পেয়েছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন একটি আলোচিত কূটনৈতিক ছবি।
 

জাতিসংঘ সংস্কারের দাবি, ছোট দেশগুলোর উদ্বেগ
তিন নেতার যৌথ ঘোষণায় জাতিসংঘের সংস্কারের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটিকে আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন তারা। নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিও নতুন করে সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়াও একই মর্যাদা ভোগ করে। তিন দেশেরই রয়েছে ভেটো ক্ষমতা। আন্তর্জাতিক সংকট মোকাবিলায় এ তিন দেশের অবস্থান প্রায়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ সমপ্রসারণ নিয়ে মতপার্থক্য রয়েছে। জার্মানি ও জাপানের স্থায়ী সদস্য হওয়ার প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মস্কো। রাশিয়ার যুক্তি, পশ্চিমা দেশ ও ন্যাটো সদস্যরা ইতিমধ্যে নিরাপত্তা পরিষদে অতিরিক্ত প্রতিনিধিত্ব পাচ্ছে। এখানেই ছোট দেশগুলোর উদ্বেগ। বড় শক্তিগুলো নিজেদের মধ্যে সমঝোতা করলে আঞ্চলিক বিরোধ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছোট রাষ্ট্রগুলোর স্বার্থ কতোটা গুরুত্ব পাবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশ চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার মধ্যে নিজেদের অবস্থান সামলে চলতে বাধ্য হচ্ছে।
 

ট্রাম্পকে বিরল বরণ, শি’র বার্তা এবং বাণিজ্যিক টানাপড়েন
বৈঠক ঘিরে কূটনৈতিক আলোচনার পাশাপাশি ছিল জাঁকজমকপূর্ণ আয়োজন। ট্রাম্পের আগমনকে বিশেষভাবে বরণ করে নেন শি জিনপিং। বিমানবন্দরে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান তিনি। চীনের প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সফররত রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে এটাই ছিল তার প্রথম বিমানবন্দর সফর। এর মাধ্যমে শি দেশটির প্রায় সাত দশকের রীতি ভাঙ্গেন। দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলিঙ্গনও হয়েছে। 
 

ট্রাম্প এ আয়োজনকে যুক্তরাষ্ট্র ও চীনের জন্য জয় হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, শি একজন মহান প্রেসিডেন্ট এবং সাধারণত কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান না। শত শত মানুষের উপস্থিতি, শিশু, সৈন্য ও আনুষ্ঠানিক আয়োজনের প্রশংসাও করেন তিনি। 
তবে আড়ম্বরের আড়ালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা রয়ে গেছে। চলতি মাসে বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাধ্যমে এনভিডিয়ার উন্নত চিপ চীনে পাচার হওয়ার অভিযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।  যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা কতোটা কার্যকর এবং চীন উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কতোটা সুযোগ পাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাইওয়ান ইস্যুতেও দুই দেশের অবস্থানের পার্থক্য স্পষ্ট। শি ট্রাম্পকে বলেছেন, দুই দেশের সম্পর্কের বড় ধরনের ক্ষতি এড়াতে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্মেলনে অনেকটা বিচ্ছিন্ন অবস্থানে ছিলেন। তাইওয়ান নিয়ে ২০২৫ সালে তার মন্তব্যের পর থেকে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের অবনতি হয়েছে।
 

তাহলে কী পেলো বিশ্ব?
তিন পরাশক্তির এ বৈঠক থেকে বিশ্ব আপাতত পেয়েছে শান্তির একটি রাজনৈতিক ঘোষণা, পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে যৌথ অবস্থান এবং আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতি। কিন্তু ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো রূপরেখা আসেনি। পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে চুক্তি হয়নি। ইরান সংকট কিংবা বাণিজ্যিক বিরোধ নিয়েও সুনির্দিষ্ট সমাধান পাওয়া যায়নি। বরং বৈঠকের পর নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক আদালতের কর্তৃত্ব, রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তি এবং বড় শক্তিগুলোর পারস্পরিক সমঝোতার প্রশ্ন। ট্রাম্প বৈঠক শেষে কোনো মন্তব্য না করেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন।
 

সব মিলিয়ে শেনঝেনের এই বৈঠককে কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা যায়। দীর্ঘদিনের বিরোধের মধ্যেও বিশ্বের তিন শক্তিধর দেশের নেতারা আলোচনার টেবিলে বসেছেন-এটি অবশ্যই তাৎপর্যপূর্ণ। কিন্তু শান্তির ঘোষণা আর বাস্তব শান্তি এক বিষয় নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে, পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা থামেনি, ইরান সংকটও অমীমাংসিত। ফলে বিশ্ব এখন তিন নেতার ঘোষণার চেয়ে তাদের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে থাকবে। কারণ, ইতিহাস তৈরির ঘোষণা দেয়া সহজ; সেই ইতিহাসে সত্যিকারের শান্তির জায়গা তৈরি করাই সবচেয়ে কঠিন কাজ।

 

আন্তর্জাতিক'র অন্যান্য খবর