আর যুদ্ধ নয়
সুনীল গঙ্গোপাধ্যায়
‘কার দিকে তুমি গুলি ছুড়ছো হে, এখানে সবাই মানুষ!’
তুমি কে, তুমি কি গ্রহান্তরের দলছুট?
তোমার কখনো ছিল না কি শৈশব?
তুমি কি কখনো দেখোনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু?
জানলার ধারে দাঁড়ানো, একলা, শূন্যদৃষ্টি নারী?
কার দিকে তুমি গুলি ছুড়ছো হে, এখানে সবাই মানুষ!
নামাও রাইফেল
এ পৃথিবী তোমার একলার নয়
এ পৃথিবী লোভের, ঘৃণার, উন্মত্ততার নয়
আমার কান্না পেয়ে যাচ্ছে, আমি তোমার দিকে
আর তাকাতে পারছি না।
কী গভীর নিঃশব্দ বন চারদিকে
ওরা জানে, ওরা সব দেখেছে।
ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের
ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা
তারা কে?
কার দিকে তুমি গুলি ছুড়ছো হে, এখানে সবাই মানুষ!
-আজকের বিশ্ব পরিস্থিতি নিয়ে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লেখাটির বক্তব্য এখনো প্রাসঙ্গিক। আমেরিকা ও ইসরাইল ইরানের ওপর যেভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি বোমা হামলায় হাজারো বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে তার নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। শুধু বিশ্বকে নেতৃত্ব দেয়ার এই অসম লড়াই চাপিয়ে দেয়ার যে আর্থ-রাজনৈতিক সামরিক দ্বন্দ্ব তা থেকে বেরিয়ে একটি দীর্ঘস্থায়ী শান্তির পতাকাতলে সকলেই একতাবদ্ধ হবে এই প্রত্যাশা আমাদের।