দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই বাজেট অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। সব মানুষকে সুবিধা দেয়ার লক্ষ্য নিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ‘মানবিক ও অন্তর্ভুক্তিমূলক’ এই বাজেটে সবার জন্যই সুযোগ রাখা হয়েছে বলে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন। বরাবরের মতোই বড় ঘাটতি রেখে এবারো বাজেটের আকার বাড়ানো হয়েছে। অর্থনীতিবিদরা প্রস্তাবিত বাজেটকে চিন্তাশীল বাজেট আখ্যা দিয়ে বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সরকার বড় আকারের এই বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জে সফল হবে- এমনটাই প্রত্যাশা।
২
আটাশ বছরের সাম্রাজ্য আটাশ দিনেই তলিয়ে গেছে। বাম শাসনের ইতি টেনেছিলেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সূর্যোদয়ে তা অস্ত গেল তারই বিদ্রোহী শুভেন্দুর ছোবলে। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি রাজ্য সরকারে অভিষিক্ত হওয়ার পর থেকেই চলছে থ্রি ডি তত্ত্ব। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কথা হচ্ছে হঠাৎ করে এই মানবিক সমস্যা তৈরিতে মনোযোগ কেন নতুন রাজ্য সরকারের। এই সমস্যার সমাধানে কূটনৈতিক চ্যানেলে আলাপ আলোচনার সুযোগ তো রয়েছেই। আর ভারত যদি মনে করে তাদের দেশে অবৈধ নাগরিক রয়েছে সেক্ষেত্রে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নো-ম্যানস ল্যান্ডে উত্তেজনা তৈরি করে দু’ দেশের সম্পর্কে দূরত্ব তৈরির চেষ্টা চলছে কিনা তাও লক্ষণীয় বিষয়।
৩
বিশ্বের সবচেয়ে বড় খেলাধুলার আসর বসেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। দুনিয়া মাতোয়ারা থাকবে বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ এই আসরে। বাংলাদেশের মানুষ নির্ঘুম রাত নিয়ে বসছে টেলিভিশনের বিগ স্ক্রিনে। বর্ণিল সব পতাকায় সেজেছে দেশের অগুনতি পাড়া-মহল্লা। যদিও কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে আমেরিকা-ইরান সংকটে।