ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের আগে থেকেই শিরোনামে উঠে এসেছে। আর প্রকাশের সঙ্গে সঙ্গে বইটি নিয়ে ভারত তো বটেই বিশ্বের নানা প্রান্তে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। আর তাই প্রকাশের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ১৫ হাজার কপি বিক্রি হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে ২ লাখেরও বেশি বিক্রি প্রকাশনার ইতিহাসে রেকর্ড তৈরি করেছে।
কী রয়েছে এই বিলগিং-এ? বইটির নামকরণ ব্যাখ্যা করতে গিয়ে সোনিয়া নিজেই বলেছেন, ইতালির তরুণীর ভারতে এসে একটি রাজনৈতিক পরিবারের অংশ হওয়া, এই দীর্ঘ যাত্রাই তার কাছে ‘বিলংগিং’ বা অন্তর্ভুক্তি। একাত্ম হওয়ার প্রচেষ্টা।
কেন তিনি লিখেছেন এই স্মৃতিকথা? সে কথাও নিজেই জানিয়েছেন। পরিবার নিয়ে নানা ‘ভিত্তিহীন ও অসত্য’ কথা লেখার উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমাদের প্রকৃত জীবনযাত্রার সঙ্গে সেসবের কোনো মিল নেই। কোনো সম্পর্কই নেই। মানুষ এমন সব গল্প ফাঁদে, মিথ্যাচার করে, বেদনাদায়ক আলোচনা করে, যার সঙ্গে সত্যের সম্পর্ক নেই। তাই ভেবেছি, এই বই আমার অনুভূতিগুলো প্রকাশের মাধ্যম হতে পারে। আমার পরিবার সম্পর্কে আমি যা জানি, তা তুলে ধরার একটি উপায় হতে পারে। মনে হয়েছে, হয়তো মানুষ আমার গল্প শুনতে আগ্রহী হবেন।’
ইতালির অরবাসানোর এক তরুণীর ভারতীয় হয়ে ওঠার পেছনে যে মূল্য দিতে হয়েছিল তা এক তীব্র, সহিংস, মর্মান্তিক এবং অবিস্মরণীয় অভিজ্ঞতার আখ্যান। ১৯৪৬ সালে ভেনেতোর এক ছোট শহরে জন্মগ্রহণ করেন সোনিয়া মাইনো। ১৯৬৫ সালে কেমব্রিজে ইংরেজি পড়ার সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীর প্রেমে পড়েন। এই প্রেম ছিল যেন “হঠাৎ নেমে আসা বজ্রপাতের” মতো। তিনি রাজীবের পিছু পিছু ভারতে চলে আসেন এবং পরবর্তী ৬০ বছর ধরে ভারতের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে ওঠেন।
সোনিয়া গান্ধীর ৫৪৪ পৃষ্ঠার এই আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ বইটিতে তার ব্যক্তিগত জীবন, গান্ধী পরিবারের রাজনৈতিক ইতিহাস এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে তার সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। এ ছাড়া, ১৯৭১ সালের যুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে গান্ধী পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টিও এতে উঠে এসেছে। বর্তমানে ভারতের আশ্রয়ে থাকা সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সোনিয়া তার স্মৃতিকথায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। হাসিনা সম্পর্কে লিখেছেন, কে বলতে পারে, ভাগ্যের চাকা আবার কখন ঘুরবে? কিংবা আদৌ ঘুরবে কি না।
সোনিয়ার স্মৃতিকথায় ১৯৭১ সালের যুদ্ধের প্রসঙ্গটি বিস্তারিতভাবে উঠে এসেছে, যে যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের জায়গায় স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল।
১৯৭০ সালের ডিসেম্বরে পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের সাধারণ নির্বাচনের ঘোষণা, দেশভাগের পর যা প্রথমবার হতে চলেছে। দুই প্রান্তের দুই দেশের ভাষা, খাদ্যাভ্যাস, সংস্কৃতির ভিন্নতা ও অর্থনৈতিক বৈষম্য-সব ক্ষেত্রে পাকিস্তানের প্রাধান্য দুই প্রান্তের মধ্যে বিপুল দূরত্ব সৃষ্টি করেছিল। তার উল্লেখ করে সোনিয়া লিখেছেন, ‘পূর্ব পাকিস্তানের ক্যারিশম্যাটিক নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভোটের ফলে প্লাবন ঘটিয়ে দেয়। স্বাভাবিকভাবেই মুজিব প্রধানমন্ত্রিত্বের দাবিদার হয়ে ওঠেন। পশ্চিম পাকিস্তানিরা প্রতিরোধে নামে। আহত ও অপমানিত পূর্ব পাকিস্তান স্বাধীনতার দাবি জানায়; অবহেলিত, অপমানিত, শোষিত হতে হতে যে বাসনা তাদের মনে বাসা বেঁধেছিল।’
১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের জয়ের পর যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, সোনিয়া তার বর্ণনা দিয়েছেন।
যদিও দলটি জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, তবুও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করে।
তিনি লিখেছেন, এক সময় নায়ক দর্শনে তিনি উদগ্রীব হয়ে উঠেছিলেন। তিনি লিখেছেন, ‘সেই নায়ক, তার দেশের মুক্তিযুদ্ধ, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার শাশুড়ি ইন্দিরা গান্ধীর সাহস ও শৌর্য এবং সেই সময়কার ঘটনাবলি সোনিয়া লিপিবদ্ধ করেছেন তার নিজের মতো করে। লিখেছেন, ‘স্বস্তি ও আনন্দ যখন দেশ জুড়ে বয়ে যাচ্ছে, শাশুড়ি মা তখন জানালেন শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছেন। লন্ডন চলে গেছেন। কিন্তু তার চেয়েও আরও উত্তেজক ছিল যখন শুনলাম, তার নতুন দেশে ফেরার আগে তিনি কিছু সময়ের জন্য দিল্লি আসবেন।’
সোনিয়া নিজের অনুভূতির কথা লিখেছেন। সেটা ছিল ১৯৭২ সালের ১০ই জানুয়ারি। ডাক্তারের মতে দু’দিন পরেই তার প্রসবের দিন। ওই অবস্থায় জনসমক্ষে বেরোতে সোনিয়া দ্বিধান্বিত ছিলেন। তিনি লিখেছেন, ‘আমার লজ্জা লজ্জা লাগতো। কিন্তু হিরো মুজিবুর রহমানকে দেখতে, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ কিছুতেই আমি হারাতে চাইছিলাম না। রাজীবও আপত্তি করেনি। সম্ভবত তখন ও বুঝে গিয়েছিল, এবার আর আমি ওর কথা শুনবো না। শাশুড়িও সেটা বুঝেছিলেন। উনি আমাকে ওর ঘরের আলমারির সামনে নিয়ে গেলেন। একটা ওভারসাইজ নেভি ব্লু রঙের রেইনকোট বের করলেন। সেটা পরে সেই ঐতিহাসিক দিনে আমি ওর সঙ্গে এয়ারপোর্টে গেলাম। সঙ্গে রাজীব ও পদ্মজা নাইডু। উত্তেজনা এত তীব্র ছিল যে, বাতাসেও তার উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। মুজিবুর রহমানের মর্যাদা ও উষ্ণতা আমাকে মুগ্ধ করেছিল। সমর্থনের জন্য মিসেস গান্ধী ও তার সরকারকে তিনি ধন্যবাদ জানান। নতুন দেশে নিজের মানুষের কাছে যাওয়া, তাদের আনন্দের অংশীদার হওয়ার জন্য তার তর সইছিল না।’
সোনিয়া তার স্মৃতিকথায় যুদ্ধের পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ভারত ও তার প্রতিবেশী দেশে ঘন কালো মেঘ ছেয়ে গিয়েছিল। ১৯৭১ সালের জানুয়ারি মাসে দুই কাশ্মীরি জঙ্গি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফকার এফ-২৭ প্যাসেঞ্জার বিমান হাইজ্যাক করে লাহোরে নিয়ে যায়। যাত্রী ও ক্রুদের মুক্তি দিলেও জঙ্গিরা বিমানবন্দরেই উড়োজাহাজটি ধ্বংস করে দেয়। সেই জঙ্গিরা পাকিস্তানে সংবর্ধিত হয়েছিল। পাল্টা ব্যবস্থায় পাকিস্তানি উড়োজাহাজের জন্য ভারত তার আকাশপথ বন্ধ করে দেয়।’
যুদ্ধের আশঙ্কায় গান্ধী পরিবারেও উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।
সোনিয়া লিখেছেন, ‘তৎপরতা বেড়ে গেছে। গভীর রাত পর্যন্ত মিটিং হতো। অবিশ্রান্ত ফোনালাপ হতো। যুদ্ধের প্রস্তুতিতে দিন-রাত এক হয়ে গেছে। শাশুড়িমা ঘুম বা বিশ্রামের সময়টুকু পর্যন্ত পাচ্ছেন না। যেকোনো মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে। সবাই সে জন্য প্রস্তুত। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ব্ল্যাকআউটের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জানালার কাঁচ ঢেকে দেয়া, বাইরের সব আলো নিভিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছিল আমাদের।
ইন্দিরা চেয়েছিলেন সোনিয়া এবং তার ছেলে রাহুল যেন রাষ্ট্রপতি ভবনে চলে যান, কারণ সেটি ছিল অনেক বেশি নিরাপদ। কিন্তু সোনিয়া তাতে রাজি হননি।
তিনি লিখেছেন, “আমি আমার পরিবারের সঙ্গেই থাকবো এবং যা-ই ঘটুক না কেন, আমরা সবাই মিলে তার মোকাবিলা করবো।”
সোনিয়া জানিয়েছেন, এই ঘটনাটি এমন এক আশঙ্কার জন্ম দিয়েছিল যে, রাজীব, যিনি তখন বাণিজ্যিক বিমানের পাইলট হিসেবে কর্মরত ছিলেন, তিনি নিজেও হয়তো ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারেন।
সোনিয়া সেই বর্ণনায় লিখেছেন, ‘শাশুড়িমা যখন পরিস্থিতির ব্যাখ্যা করছিলেন, গোয়েন্দারা তাকে যা বলেছে তা শোনাচ্ছিলেন, তেমন কিছু হলে তার ফলাফল কী হতে পারে জানাচ্ছিলেন, আমার শরীর তখন শুনতে শুনতে হিম হয়ে যাচ্ছিল। বমি পাচ্ছিল। রাজীব অভয় দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আমার মন মানছিল না। মন শান্ত হয়েছিল যখন কর্তৃপক্ষ সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে রাজীবকে ফ্লাইংয়ের দায়িত্ব থেকে সাময়িকভাবে দূরে রাখার সিদ্ধান্ত নেয়।’ সোনিয়া পূর্ব পাকিস্তানে এরপর যে সামরিক দমন-পীড়ন চালানো হয়েছিল, সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা করা হয়েছিল এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, তার কথা তুলে ধরেছেন।
সোনিয়া লিখেছেন, ‘চার মাস ধরে চলে ওই অত্যাচার। পুরুষ, নারী ও শিশুদের তাড়া করে করে মারা হয়। প্রাণে বাঁচতে লাখে লাখে অসহায় মানুষ ভারতে পালিয়ে আসেন। উদ্বাস্তুদের অবিরাম স্রোত। দেখতে দেখতে এক কোটি নর-নারী পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে আশ্রয় নেন। সেই পাশবিক ঘটনাবলির খবর দিল্লিতে নিত্যদিন আসতে থাকে। ঢাকায় ছাত্র-ছাত্রী, বুদ্ধিজীবীদের কী বীভৎসভাবে বেছে বেছে অত্যাচার করা হচ্ছিল, আমার উপস্থিতিতে রাজীব সেই ভয়ঙ্কর হৃদয়বিদারক কাহিনি কাউকে শোনাতো না।’ সেই সময় ইন্দিরা গান্ধীর মানসিকতার বর্ণনায় সোনিয়া লিখেছেন, ‘শাশুড়িমা’র মনে হচ্ছিল যেন তার নিজের মানুষের ওপর অত্যাচার চলছে। তিনি নিজে যন্ত্রণাবিদ্ধ হচ্ছিলেন। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু শিবিরগুলো দেখে ফেরার পর তাকে বিচলিত ও বিপর্যস্ত লাগছিল। সেটা ছিল ভরা বর্ষার সময়। ‘তিনি স্মরণ করেন, পশ্চিমবঙ্গের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন শেষে ইন্দিরা গান্ধী অত্যন্ত ব্যথিত হয়ে ফিরে এসেছিলেন। শিবিরগুলোর শোচনীয় অবস্থা-যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো অপর্যাপ্ত আশ্রয়, খাদ্য ও চিকিৎসাসেবার অভাবে ধুঁকছিল-তা ভারতীয় প্রধানমন্ত্রীর মনে গভীর ছাপ ফেলেছিল।
স্মৃতিকথা অনুযায়ী, এই মানবিক সংকট এবং পাকিস্তানের সামরিক অভিযানের ফলে সৃষ্ট বিপদ সম্পর্কে আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে ইন্দিরা গান্ধী ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন।
সোনিয়া লিখেছেন, তার শাশুড়ি মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের আচরণে অত্যন্ত হতাশ হয়েছিলেন। কারণ তিনি মনে করতেন, ভারতের উদ্বেগের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না।
সোনিয়া লিখেছেন, “তাকে সাহায্য করতেই হতো; তাকে কিছু একটা করতেই হতো।”
৩রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনীর ভারতের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে হামলার বর্ণনা দিয়ে সোনিয়া লিখেছেন, ‘শাশুড়িমা কলকাতায় ছিলেন। দিল্লি ফিরেই বিরোধী নেতাদের বৈঠক ডাকলেন। পাকিস্তানি আক্রমণের কথা জানিয়ে তাদের বললেন, যুদ্ধ ঘোষণা ছাড়া গতি নেই। সেই রাতেই তিনি রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। বিমান হানাই ছিল ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা। তিনি ভারতীয় ফৌজকে পূর্ব পাকিস্তানে ঢোকার হুকুম দিলেন। সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব সীমান্তে অপেক্ষারত ভারতীয় বাহিনী গ্রামাঞ্চল দিয়ে পূর্ব পাকিস্তানে দ্রুত ঢুকে গেল। ঘিরে ফেললো সেই শহরগুলো যেখানে পাকিস্তানি সেনারা মজুত ছিল। চারদিক দিয়ে তাদের ঘিরে ফেলা হলো।’
সোনিয়া লিখেছেন, ‘ভারতীয় বাহিনী যখন ঢাকার কাছাকাছি, খবর এলো সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩৬ ঘণ্টা। সেটা করা হয়েছিল ভারতকে মনস্তাত্ত্বিক চাপে ফেলতে, যাতে আমরা আলোচনার টেবিলে বসতে রাজি হই। প্রেসিডেন্ট নিক্সন ভেবেছিলেন, ইন্দিরা গান্ধীর স্নায়ু দুর্বল। তিনি ভুল বুঝেছিলেন। রামলীলা গ্রাউন্ডের জনসভায় শ্রোতাদের বিপুল উপস্থিতিতে ইন্দিরা গান্ধী জানিয়েছিলেন, আমরা পিছু হটবো না। এক পাও আমরা পেছাবো না। আমাদের সেনাদের লক্ষ্য, সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পৌঁছানোর আগেই পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ নিশ্চিত করা।’
সোনিয়া লিখেছেন, ‘১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি জেনারেল নিয়াজি ঢাকায় আত্মসমর্পণ করলেন। সপ্তম নৌবহর ধারেকাছে পৌঁছানোর আগেই যুদ্ধ শেষ। জয়লাভ নিশ্চিত। নতুন দেশের সরকার গঠনের পরপরই শ্রীমতী গান্ধী সেনা প্রত্যাহার করে নেন। প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি (যদিও প্রথম স্বীকৃতি দেয় ভুটান, একই দিনে তার পরেই ভারত) দেয়। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, চরম শত্রু পাকিস্তানকে পুরোপুরি কেন জয় করে নিলেন না? ইন্দিরা উত্তরে বলেছিলেন, মানুষকে জয় করায় আমরা বিশ্বাসী নই...আমাদের নীতি সব সময় একই, বন্ধুত্বের। যেখানে তা নেই সেখানে তা সৃষ্টি করা, যদি শত্রুতা হয় তা ভোঁতা করা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আমরা কখনো আমাদের সীমান্তের বাইরে অন্য কোনো দেশের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলিনি।’
এর পরেই সোনিয়া দেশের স্বস্তি ও আনন্দঘন পরিবেশের উল্লেখ করে শেখ মুজিবুর রহমানের লন্ডন থেকে ভারত হয়ে নিজের নতুন দেশে প্রত্যাবর্তনের কথা নিয়ে ইন্দিরা গান্ধীর ঘোষণার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাঙালি মানুষজনের সেই সংকট যেন ছিল আমাদের নিজেদের সংকট। প্রতিটি মুহূর্ত তা আমাদের বিদ্ধ করেছে। বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানিদের পৈশাচিক আক্রমণ, ভারতের আবেদনে পশ্চিমা শক্তিদের হেলদোল না দেখানো, পাকিস্তানি আক্রমণের টেনশন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন, ভারতের সঙ্গে তাদের মৈত্রী চুক্তি, সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে আসা-গোটা সময়টা ছিল টেনশন, নাটক ও সাসপেন্সে ভরপুর।’ সোনিয়া তার স্মৃতিকথায় হাসিনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। একবার নয় দু’বার।
তিনি লিখেছেন ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। সেদিন লালকেল্লায় এক বিশাল জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বলেছিলেন, বিরোধী দলগুলো সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুজরাট ও বিহারের মতো আন্দোলন শুরু করার পরিকল্পনা করছে। ফলে বেশ ভেবেচিন্তে এবং দৃঢ়চিত্তে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তার কণ্ঠে ছিল গভীর গাম্ভীর্য।’
একই দিন সকালে তিনি একটি ভয়ঙ্কর খবর পেয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে তার নিজের বাড়িতে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি মাত্র ৯ বছরের একটি ছোট ছেলেকেও রেহাই দেয়া হয়নি। বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইন্দিরা গান্ধীর কাছে আগেই খবর ছিল যে, শেখ মুজিবকে হত্যার ষড়যন্ত্র চলছে। তাই তিনি তার নিরাপত্তা বিভাগের প্রধান আর. এন. কাও-কে পাঠিয়েছিলেন শেখ মুজিবকে সতর্ক করতে। কিন্তু মুজিব বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তিনি বিশ্বাসই করতে পারেননি যে, কেউ তাকে হত্যা করতে পারে।
শুধু শেখ মুজিবের দুই মেয়ে, হাসিনা ও রেহানা এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান। কারণ তখন তারা পশ্চিম জার্মানিতে ছিলেন।
পরে শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেয়। তিনি ১৯৮১ সাল পর্যন্ত ভারতে বসবাস করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বহুবার ইন্দিরা গান্ধীর কাছ থেকে পাওয়া আন্তরিক ভালোবাসা ও মায়ের মতো যত্নের কথা বলেছেন।
২০১১ সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা সম্মান’ মরণোত্তরভাবে ইন্দিরা গান্ধীকে প্রদান করা হয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেয়া হয়েছিল।
সোনিয়ার কথায়, আমি যখন সেই সম্মাননা গ্রহণ করার জন্য ঢাকায় গিয়েছিলাম, তখন বিরোধী দলের সব সদস্যই সেখানে উপস্থিত ছিলেন। এটি ছিল ইন্দিরা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধার একটি বিশেষ প্রকাশ।
শেখ মুজিবের ওপর সম্ভাব্য হামলার খবর আগে থেকে পাওয়া সত্ত্বেও তার হত্যাকাণ্ড আমার শাশুড়িকে গভীরভাবে আঘাত করেছিল। তাকে এই ঘটনা রীতিমতো হতবাক করেছিল। আরও একটি বিষয় ছিল খুবই অদ্ভুত। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের জন্য যে দিনটি বেছে নেয়া হয়েছিল, সেটি ছিল ভারতের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট।
শেখ মুজিব ও তার পরিবারের মৃত্যুতে শোকাহত হওয়ার পাশাপাশি শ্রীমতী গান্ধী নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলেন। তার সবচেয়ে বেশি ভয় ছিল ছেলে সঞ্জয় গান্ধীর নিরাপত্তা নিয়ে।”
এরপর আরেক জায়গায় ভিন্ন আরেক প্রসঙ্গ টানতে গিয়ে শেখ হাসিনার কথা তুলেছেন সোনিয়া গান্ধী। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল তখন, যখন বেশ তরুণ বয়সে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ছিল দু’টি ছোট সন্তান। তার বাবা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা এক সামরিক অভ্যুত্থানে নির্মমভাবে নিহত হওয়ার পর, ইন্দিরা গান্ধী তাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন।
তিনি ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন। তার মনে দৃঢ় সংকল্প ছিল, একদিন তিনি নিজের দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। এরপর জীবনের নানা বাধা ও উত্থান-পতনের মধ্যদিয়ে তিনি চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তিনি নিজের শক্ত অবস্থান ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন।’
সোনিয়া হাসিনা প্রসঙ্গে আরও লিখেছেন, ‘আমার মনে আছে, একবার তাকে বাংলায় বক্তৃতা দিতে শুনে আমার গায়ে কাঁটা দিয়েছিল। যদিও তার আবেগভরা বক্তৃতার বেশির ভাগ কথাই আমি বুঝতে পারিনি, তবুও তার বলার ভঙ্গি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল।’
সোনিয়ার কথায়, ‘হাসিনা আমাদের সঙ্গে খুব আন্তরিক ও সহজভাবে মিশতেন। তিনি যখনই ভারতে আসতেন, আমাদের সঙ্গে দেখা করতে কখনো ভুলতেন না।
কিন্তু আশ্চর্যের বিষয়, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার মাত্র কয়েকদিন আগে আমাদের শেষ দেখা হয়েছিল এবং এর কিছুদিন পরেই তার সরকারের পতন ঘটে।
এখন তিনি আবারো নির্বাসিত জীবন কাটাচ্ছেন। নিজের দেশে ফিরে গেলে তাকে কারাবন্দি করা হতে পারে-এমন আশঙ্কাও রয়েছে।
কিন্তু কে বলতে পারে, ভাগ্যের চাকা আবার কখন ঘুরবে? কিংবা আদৌ ঘুরবে কিনা।’