সাম্প্রতিক

আনলকডাউন ও টুঙ্গিপাড়া লিমিটেড

শামীমুল হক | এক্সক্লুসিভ
নভেম্বর ২১, ২০২৬
আনলকডাউন ও টুঙ্গিপাড়া লিমিটেড

সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচির শেষ দিন ছিল বৃহস্পতিবার। সারা দেশে সর্বাত্মক লকডাউন কর্মসূচি দিয়ে আপাতত সাতদিনের কর্মসূচির হতি টেনেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কিন্তু লকডাউনের দিন বৃহস্পতিবার রাস্তায় নেমে লকডাউনের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং তা আনলকডাউন হয়ে সবকিছু আগের মতোই চলেছে। তবে এ কর্মসূচিকে ঘিরে সারা দেশে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করেছে। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, এমপি’র বাড়ি আগুনে পুড়িয়ে দেয়াসহ নানা কার্যক্রম তারা গর্বের সঙ্গে করেছে। শুধু তাই নয়, গোপালগঞ্জে যে তাণ্ডব তারা দেখিয়েছে তা এক নতুন মাত্রা যোগ করেছে। লগি, বৈঠা, রামদা নিয়ে মিছিল, থানায় আগুন, পুলিশকে কুপিয়ে জখম করে উল্লাস করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এ উল্লাস পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায়। ভিন্ন দেশে বসে তাদের শীর্ষ নেতা শেখ হাসিনাসহ অন্য নেতারা প্রকাশ্যে নির্দেশ দিচ্ছে দেশে এসব কর্মকাণ্ড করার। এতে উৎসাহিত হয়ে তারা মাঠে নেমেছে। এখন তাদের নেশা দেশ দখল করা। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসানো। এমন কথা তারা মিছিল-মিটিংয়ে বলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যা করছে তাকে কোনোভাবেই আন্দোলন বলা চলে না। বলা চলে দেশদ্রোহিতা। অপরদিকে তাদের এই দেশদ্রোহী কার্যকলাপ বন্ধে সরকার কিংবা সরকারি দলের নেতারা কেউ এগিয়ে আসেনি। সরকারের দৃশ্যমান ব্যবস্থা নেয়ার কোনো আয়োজন দেখা যাচ্ছে না। তবে ইতিমধ্যে সাবেক মেয়র সাঈদ খোকন ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায় এর ব্লু প্রিন্ট নিয়ে ভারত থেকে বেশ কয়েক মাস আগে দেশে ফেরেন খোকন। উঠেন বোনের বাসায়। সেখান থেকেই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন-এমনটাই জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। 

 

কিন্তু সাঈদ খোকনকে যে অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে তা দেখে বিস্মিত দেশবাসী। লম্বা চুল, লম্বা দাড়ি গোঁফ। যেন এক পীর আউলিয়া। কারণ তিনি আত্মগোপন থাকা অবস্থায় এক মুহূর্তের জন্যও বাইরে যাননি। এবং নিজেকে অন্য লুকে তৈরি করে নিয়েছিলেন। গোপালগঞ্জের ঘটনা ওই ব্লু প্রিন্টেরই অংশ। প্রশ্ন হলো-এভাবে কি দেশ দখল করা যায়? দেশকে ধ্বংস করার যে নীল নকশা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তা কী সঠিক পথ। তাছাড়া শেখ হাসিনা অন্য দেশে বসে ডিসেম্বরে ফেরার ঘোষণা কতোটুকু বাস্তব সেটি নিয়েও রয়েছে মিলিয়ন মিলিয়ন প্রশ্ন। গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশছাড়া হওয়া শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা কিসের ইঙ্গিত-এটি নিয়েও নানা আলোচনা চলছে। আসলে আওয়ামী লীগ কখনোই স্বাভাবিক রাজনীতির ধারক বাহক হতে পারেনি। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত এ বিষয়টিই প্রমাণ করছে তাদের আচরণে। তারা সরকারে থাকলেও যা করেছে, বিরোধী দলে থাকা অবস্থায়ও একই কর্ম করেছে। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ হয়েও একই কাজ করছে। কিন্তু প্রশ্ন হলো-এভাবে একটি কার্যক্রম নিষিদ্ধ দলের এগিয়ে যাওয়া তাদের জন্য কি ভালো হচ্ছে? দেশবাসী তো বলতে শুরু করেছে আওয়ামী লীগ উগ্র দল। তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায় না। তাই বলে কি তাদের এই কর্মকাণ্ডকে নীরবে সহ্য করে যেতে হবে। বাসে আগুন জ্বলবে? যেখানে সেখানে বিস্ফোরণ হবে? পুড়ে বাসের হেলপার মারা যাবে? এভাবে চলতে থাকলে তো দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। 
 

তারপরও কথা থেকে যায়, ২০২৪ থেকে ২০২৬ মাত্র এই তিন বছরে আওয়ামী লীগ এ পথে নামার সাহস পেলো কীভাবে? এর জন্য কারা দায়ী? সরকার কেন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে ও পরের রাজনীতির দৃশ্য কি এক? সব রাজনৈতিক দলগুলো কি আগের অবস্থানে আছে? একবাক্যে বলা যায়-নেই। কেন নেই? এখানে স্বার্থ কাজ করেছে বেশি। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের দিন থেকে সরকারি দল ও বিরোধী দল দুই মেরুতে অবস্থান নেয়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে বিরোধী দলের আবেদন সরকার পাত্তা দেয়নি। সংশোধন ও সংস্কারের মধ্যে আটকে আছে সবকিছু। সরকারি দল কি আগ বাড়িয়ে বিরোধী দলের ন্যায্য হিস্যা দিয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির প্রাপ্য সভাপতি পদ কি বিরোধী দলকে দেয়া হয়েছে। আরও নানা বিষয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি  হয়েছে। এরই মধ্যে বিরোধী দলের মধ্যে ক্ষোভ জমতে থাকে। তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। বিভাগীয় শহরগুলোতে লংমার্চ করে। পাশাপাশি সংসদে তাদের দাবি উত্থাপন করেছে বারবার। কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। তারা নিষ্ফল হয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করছে। আবার যাচ্ছে। সংসদের কথা যখন এসেছেই, তখন বলতে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কথা। এ পর্যন্ত দেখা গেছে বিরোধী দলকে বেশির ভাগ সময় আক্রমণ করে তিনি কথা বলেছেন। তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। যা দৃষ্টিকটু মনে হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়েছে মাত্র। সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঐক্যের কথা বলেছেন। কিন্তু আগের সংসদ অধিবেশনেও এমন বক্তব্য এসেছে। সংসদ থেকে বের হয়ে যে যার মতো চলেছে। ঐক্য আর হয়নি। এই যে সরকার ও বিরোধী দলের যে দূরত্ব এর সুযোগ কি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ? কেন সরকার আর বিরোধী দল চব্বিশের মতো এক কাতারে দাঁড়াতে পারছে না? এর রহস্য প্রধানমন্ত্রীকে অবশ্যই খুঁজে বের করতে হবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর এ ব্যাপারে বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে। পুলিশ রদবদল আর সংসদে নরম সুরে কথা বলে এই নৈরাজ্য ঠেকানো অসম্ভব। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও রেকর্ড এবং স্থিরচিত্র পর্যালোচনা করে শনাক্ত করা হবে এবং আইনের আওতায় আনা হবে। তিনি সংসদকে জানান, উস্কানি ও সহিংসতার মুখেও সরকার এখন পর্যন্ত সংযম প্রদর্শন করেছে এবং অতিরিক্ত বলপ্রয়োগের পথে হাঁটেনি, যাতে কোনো নিরীহ মানুষের প্রাণহানি বা রক্তপাত না ঘটে। তবে প্রয়োজন হলে এবং নৈরাজ্য অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা ও বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া থানায় দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন। সংসদে বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে থানা, স্থানীয় সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দোকানপাটে হামলার অভিযোগ তোলেন এবং দলটিকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হওয়ার মন্তব্য করেন।
 

দলটিকে টুঙ্গিপাড়া লিমিটেড বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ যেভাবে সারা দেশে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, থানায় হামলা, এমপি’র বাড়িতে ভাঙচুর, আগুন দিচ্ছে তাই প্রমাণ করে টুঙ্গিপাড়া লিমিটেড নয়, বরং বাংলাদেশ লিমিটেডের পথে হাঁটছে তারা। এদের এই ধ্বংসলীলা থামাতে হলে সবার আগে দেশের সব দলমতনির্বিশেষে এক কাতারে দাঁড়াতে হবে। একসঙ্গে বসতে হবে। সরকারি দল থেকে এমন উদ্যোগ এখনো দেখা যায়নি। প্রধানমন্ত্রী যদি সব দলকে নিয়ে এক টেবিলে বসেন তাহলেই চিত্র পাল্টে যাবে অনেকটা। মনে রাখতে হবে সব দলের মতামত নিয়ে দেশ চালালে কেউ ছোট হয়ে যায় না। বরং দেশ এগিয়ে যায় দ্রুত। মনে রাখতে হবে- দীর্ঘ প্রায় ষোল বছর স্বৈরাচারের বিষাক্ত নিঃশ্বাসে দেশটা অন্ধকারে ছেয়ে গেছে। এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় সবাইকে নিয়ে এগিয়ে চলা। এতে সরকারের লজ্জা নয়, প্রশংসায় ভাসবে। বিরোধী দলকেও একগুঁয়ে হয়ে বসে থাকলে চলবে না। তাদেরও সরকারকে সত্যিকার অর্থে সহযোগিতা করতে হবে। হাত বাড়িয়ে দিতে হবে বন্ধুত্বের। এভাবে সরকারের চলতি মেয়াদ পর্যন্ত চলতে পারলে দেশ বদলে যাবে অনেকখানি। মানুষের মুখে সব রাজনৈতিক দল হাসি ফুটাতে পারবে। বাংলাদেশও বিশ্ব দরবারে নতুন রূপে আবির্ভূত হবে। অগ্নিসন্ত্রাস, বোমাবাজির বাংলাদেশ আর দেখতে চায় না দেশের মানুষ।  

 

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর