বিপ্লবের আগে সাধারণত ঢাকঢোল বাজে না। সরকারকে আগাম নোটিশ দিয়ে জনতা রাজপথে নামে না। মন্ত্রিসভায় প্রস্তাব পাস করে রাষ্ট্রের ভিত কাঁপিয়ে দেয় না রাজনীতিবিদগণ। বরং বিপ্লবের আগে অনেক কিছুই ঘটে সরকারের চোখের সামনে-দ্রব্যমূল্য বাড়ে, বেকারত্ব জমে, বৈষম্য গভীর হয়, দুর্নীতি স্বাভাবিক হয়ে যায়, তরুণেরা ভবিষ্যৎ হারায়, বিরোধী কণ্ঠকে অবজ্ঞা করা হয়, প্রশাসন জনগণের বদলে ক্ষমতাসীনদের সেবায় ব্যস্ত থাকে কিংবা আপস ও ষড়যন্ত্রের পথ অনুসরণ করে এবং চারপাশে ক্রমবর্ধমান হারে অরাজকতা চলতে থাকে।
তবে, সবচেয়ে আগে মানুষ অসন্তুষ্ট হয়। তারপর ক্ষুব্ধ হয়। এরপর প্রতিবাদ করে। প্রতিবাদে সাড়া না পেলে আন্দোলন হয়। আন্দোলন দমনে বলপ্রয়োগ হলে সংঘাত তৈরি হয়। আর রাষ্ট্র যদি দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভকে অস্বীকার করে, তখন সেই সংঘাত বিপ্লবী পরিস্থিতিতে পৌঁছাতে পারে। আশ্চর্যের বিষয়, এই পুরো প্রক্রিয়াটি চলতে থাকে প্রকাশ্যেই। সরকারের অজ্ঞতায় নয়, অনেক সময় সরকারের উদাসীনতায়।
বিভিন্ন দেশের সরকার বাহাদুরের সমস্যা হলো, তারা প্রায়ই বিপ্লবকে একটি আকস্মিক ঘটনা মনে করেন। যেন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন, রাষ্ট্রের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে! অথচ বিপ্লবের সকালটি তৈরি হয় বহুদিনের অবহেলা, অপশাসন, অসম্মান ও জমে থাকা ক্ষোভের দীর্ঘ রাতে। দক্ষিণ এশিয়ার সামপ্রতিক ঘটনাগুলো আমাদের আবার সেই পুরনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে: সরকার কি সত্যিই বুঝতে পারে, মানুষের ক্ষোভ কোথায় জমছে, কেন জমছে এবং কোন পর্যায়ে তা আর নিয়ন্ত্রণে রাখা যায় না?
বিপ্লবের আগে সরকার কী করে?
ইউরোপের দিকে তাকানো যাক। ফ্রান্সে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে স্কুলের অব্যবস্থা ও শিক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে ছড়ায়। পরে তাতে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয়, জ্বালানির দাম, মজুরি, আবাসন ও সরকারি সেবার সংকট। ১৭ই অক্টোবরের মধ্যে আন্দোলন বড় ধরনের সহিংস সংঘাতে রূপ নেয়। পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। প্যারিস, মার্সেই ও লিওঁতে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘাত ঘটে। ইউরোপের অন্তত ৩১টি দেশে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষ পর্যন্ত জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার সংকট নিয়ে ১ হাজার ৭০০-এর বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা নথিভুক্ত হয়েছে।
এখানে একটি বিষয় লক্ষণীয়। ইউরোপের দেশগুলো উন্নত গণতন্ত্র, শক্তিশালী প্রতিষ্ঠান ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার অধিকারী। তবু সেখানে ক্ষোভ জমছে। কারণ উন্নয়ন বা মাথাপিছু আয় বাড়লেই মানুষের অসন্তোষ উধাও হয় না। রাষ্ট্রীয় সেবার মান কমলে, আবাসন নাগালের বাইরে চলে গেলে, মজুরি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল রাখতে না পারলে এবং তরুণেরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হলে উন্নত রাষ্ট্রেও প্রতিবাদ হয়। অর্থাৎ বিপ্লবের বীজ কেবল দারিদ্র্যে নয়, ধনী দেশেও প্রত্যাশা ও বাস্তবতার ব্যবধানে জন্ম নিতে পারে।
এবার ভারতের দিকে আসা যাক। সেখানে ‘ককরোচ’ আন্দোলন! নামটি শুনে প্রথমে মনে হতে পারে, তেলাপোকার বিরুদ্ধে কোনো জাতীয় অভিযান চলছে। আসলে ‘ককরোচ জনতা পার্টি’ নামের ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ থেকে এর সূত্রপাত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের একাংশকে ‘ককরোচ’ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন বলে আন্দোলনের উদ্যোক্তারা এই নাম গ্রহণ করেন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল, শিক্ষার্থীদের আত্মহত্যা, কর্মসংস্থানের সংকট ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগ আন্দোলনকে বিস্তৃত করে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নামে। শেষ পর্যন্ত মন্ত্রী পদত্যাগ করেন।
এখানে তেলাপোকার গল্পটি আসলে তেলাপোকার নয়, রাষ্ট্রের চোখে তরুণদের মূল্যায়নের গল্প। যে তরুণেরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বছরের পর বছর প্রস্তুতি নেয়, পরিবারের সঞ্চয় ব্যয় করে, ব্যক্তিগত জীবন বিসর্জন দেয়, তাদের ভবিষ্যৎ যদি প্রশ্নপত্র ফাঁস ও প্রশাসনিক ব্যর্থতায় ধ্বংস হয়, তাহলে তারা প্রতিবাদ করবে না কেন? আর প্রতিবাদী তরুণদের অপমানজনক নামে অভিহিত করলে ক্ষোভ কমে, নাকি আরও বাড়ে? সরকার এমন প্রশ্নের উত্তর সন্ধান করে না।
শ্রীলঙ্কায় সামপ্রতিক বিক্ষোভের বিষয়টি আবার একটু ভিন্ন। প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের সরকার সন্ত্রাসবাদবিরোধী আইন ও সংগঠিত অপরাধ দমনের জন্য নতুন আইন আনার উদ্যোগ নিয়েছে। বিরোধী দল, বামপন্থি সংগঠন, শ্রমিক ইউনিয়ন ও নাগরিক অধিকারকর্মীদের আশঙ্কা, এসব আইনের অস্পষ্ট বিধান ব্যবহার করে মতপ্রকাশ, সংবাদমাধ্যম, সমাবেশ ও রাজনৈতিক বিরোধিতা দমন করা হতে পারে। ৪ ও ৬ই নভেম্বর কলম্বোয় বিক্ষোভ হয়। সরকারের পক্ষ থেকে কিছু সংশোধনের আশ্বাসও দেয়া হয়েছে। অর্থাৎ এখানে মানুষের ক্ষোভের কেন্দ্র শুধু অর্থনীতি নয়: নাগরিক স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়েও উদ্বেগ রয়েছে।
নেপালের ঘটনাটি আরও নাটকীয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তরুণেরা আন্দোলনে নামে। কিন্তু আন্দোলন দ্রুতগতিতে দুর্নীতি, রাজনৈতিক অভিজাতদের বিলাসী জীবন, বেকারত্ব এবং দীর্ঘদিন ধরে ক্ষমতা ভাগাভাগি করা পুরনো রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বিস্তৃত হয়। পুলিশ গুলি চালালে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অন্তত ৭৬ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ২০২৬ সালের মার্চে নির্বাচনে পুরনো রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে বড় ধরনের জনরায়ে বালেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হন।
নেপালের তরুণেরা কেবল একটি সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়ার দাবি করেনি। তারা বলতে চেয়েছে, রাষ্ট্র কি কিছু রাজনৈতিক পরিবারের ক্ষমতা ধরে রাখার প্রতিষ্ঠান, নাকি নাগরিকের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করার ব্যবস্থা? একটি ছোট প্রশাসনিক সিদ্ধান্ত কীভাবে বৃহত্তর রাজনৈতিক বিস্ফোরণের সূত্রপাত ঘটাতে পারে, নেপাল তার উদাহরণ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তকে একমাত্র কারণ ভাবলে ভুল হবে। সেটি ছিল আগুনের স্ফুলিঙ্গ; শুকনো খড় জমেছিল বহুদিন ধরে।
বাংলাদেশের অভিজ্ঞতা তো আমাদের আরও কাছের। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান কোনো একদিনের ঘটনা ছিল না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ছিল তাৎক্ষণিক উপলক্ষ। কিন্তু এর পেছনে জমে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক কর্তৃত্ববাদ, নির্বাচনব্যবস্থা নিয়ে অনাস্থা, দুর্নীতি, বৈষম্য, তরুণদের কর্মসংস্থানের অনিশ্চয়তা, মতপ্রকাশের সংকোচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর আস্থার সংকট। আন্দোলন দমনে প্রাণঘাতী বলপ্রয়োগ পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে কোটা সংস্কারের দাবি সরকারবিরোধী গণ-আন্দোলনে রূপ নেয় এবং ৫ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে।
বাংলাদেশের সামপ্রতিক পরিস্থিতিও মনে করিয়ে দেয়, সরকার পরিবর্তন হলেই রাজনৈতিক অস্থিরতা শেষ হয় না। ১৮ই নভেম্বরের খবর অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার জল্পনা ও রাজনৈতিক সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। একই দিনে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর এসেছে। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের পরও শ্রমিকের মজুরি, কর্মসংস্থান, নিরাপত্তা ও রাজনৈতিক মতপার্থক্যের প্রশ্ন অমীমাংসিত থাকলে ক্ষোভের নতুন ক্ষেত্র তৈরি হয়।
অ্যারিস্টটল কী বলেছিলেন?
এবার আড়াই হাজার বছর পেছনে যাওয়া যেতে পারে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার বিখ্যাত গ্রন্থ চড়ষরঃরপং-এর পঞ্চম খণ্ডে রাষ্ট্রে বিপ্লব বা রাজনৈতিক পরিবর্তনের কারণ বিশ্লেষণ করেছেন। তার আলোচনা আজও বিস্ময়করভাবে প্রাসঙ্গিক। তিনি বিপ্লবকে নিছক আকস্মিক জনবিস্ফোরণ হিসেবে দেখেননি। বরং মানুষের মনস্ত্তত্ত্ব, সামাজিক বৈষম্য, ক্ষমতার বণ্টন, রাষ্ট্রের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের দুর্বলতার সঙ্গে বিপ্লবের সম্পর্ক ব্যাখ্যা করেছেন।
অ্যারিস্টটলের আলোচনায় দু’টি স্তর আলাদা করে বোঝা জরুরি: সাধারণ বা সর্বজনীন কারণ এবং বিশেষ বা পরিস্থিতিনির্ভর কারণ। সাধারণ কারণ হলো সেই গভীর সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ, যা বিভিন্ন ধরনের রাষ্ট্রে বিপ্লবের প্রবণতা তৈরি করে। বিশেষ কারণ হলো নির্দিষ্ট রাষ্ট্রে এমন কিছু ঘটনা, সিদ্ধান্ত বা অব্যবস্থাপনা, যা জমে থাকা অসন্তোষকে বিস্ফোরিত করে।
অ্যারিস্টটলের মতে, বিপ্লবী মনোভাবের সবচেয়ে মৌলিক উৎস হলো সাম্য ও অসমতার প্রশ্ন। মানুষ যখন মনে করে, তার সমান যোগ্যতা বা অধিকার থাকা সত্ত্বেও অন্য কেউ বেশি সুবিধা পাচ্ছে, তখন সে সমতা দাবি করে। আবার কেউ নিজেকে অন্যদের চেয়ে যোগ্য মনে করেও যদি সমান বা কম মর্যাদা পায়, সে অধিক সুবিধা ও ক্ষমতা দাবি করে। অর্থাৎ বৈষম্য শুধু সম্পদের নয়: মর্যাদা, সম্মান, সুযোগ ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রেও তৈরি হয়। এই অসম বণ্টনই অসন্তোষের ভিত্তি গড়ে দেয়।
এখানে অ্যারিস্টটলের বক্তব্যের গভীরতা হলো, মানুষ শুধু অভাবের কারণে বিদ্রোহ করে না। অন্যের তুলনায় নিজের বঞ্চনাও তাকে বিদ্রোহী করে তোলে। একজন তরুণ যখন দেখে, তার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি নেই, অথচ রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে অন্য কেউ সুবিধা পাচ্ছে, তখন তার ক্ষোভ তৈরি হয়। একজন শ্রমিক যখন দেখে, প্রতিষ্ঠানের মালিকের সম্পদ বাড়ছে, কিন্তু তার মজুরি দিয়ে সংসার চলছে না, তখন তার মনে অন্যায়ের বোধ জন্মায়। একজন নাগরিক যখন দেখে, আইন সবার জন্য সমান নয়, তখন রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। একজন বুদ্ধিজীবী যখন দেখেন তার সম্মান ভূলুণ্ঠিত হচ্ছে অযোগ্য, ধামাধরা ও মোসাহেবদের সামনে, তখন ক্ষোভ সঞ্চারিত হওয়াই স্বাভাবিক।
অ্যারিস্টটল আরও কয়েকটি সাধারণ কারণ চিহ্নিত করেছেন: লাভের আকাঙ্ক্ষা, সম্মান পাওয়ার বাসনা, অপমান বা ক্ষতির ভয়, অহংকার ও ক্ষমতার অপব্যবহার, কোনো গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব, অন্যদের প্রতি অবজ্ঞা, রাষ্ট্রের বিভিন্ন অংশের অসম বৃদ্ধি, নির্বাচনী কারসাজি, শাসকদের অবহেলা এবং ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দেয়া। বিশেষভাবে তার ‘অবজ্ঞা’-এর ধারণাটি গুরুত্বপূর্ণ। মানুষ যখন মনে করে, শাসক তাকে গুরুত্ব দেয় না, তার অভিযোগ শোনে না, তাকে অপমান করে বা তার জীবনকে তুচ্ছ মনে করে, তখন রাজনৈতিক ক্ষোভ আরও গভীর হয়।
এবার বিশেষ কারণের দিকে আসা যাক। অ্যারিস্টটল দেখিয়েছেন, রাষ্ট্রের নির্দিষ্ট কাঠামো, ক্ষমতার বণ্টন ও শাসনপদ্ধতি অনুযায়ী বিপ্লবের কারণ ভিন্ন হতে পারে। কোথাও ধনী ও দরিদ্রের দ্বন্দ্ব, কোথাও ক্ষমতাসীন গোষ্ঠীর স্বেচ্ছাচার, কোথাও রাজনৈতিক পদ ও সুযোগের অসম বণ্টন, কোথাও নির্বাচনী অনিয়ম বা প্রশাসনিক অবহেলা রাজনৈতিক সংকট তৈরি করে। রাষ্ট্রের একটি অংশ অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠলে অন্য অংশগুলো নিজেদের বঞ্চিত মনে করে। আবার কোনো গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলে তাদের মধ্যে ক্ষোভ জমে। ছোটখাটো অনিয়মকে শাসকরা গুরুত্ব না দিলে তা একসময় বড় সংকটে রূপ নিতে পারে।
এখানে অ্যারিস্টটলের একটি পর্যবেক্ষণ বিশেষভাবে মনে রাখা দরকার: বিপ্লবের কারণ অনেক সময় ছোট বিষয় বলে মনে হয়। শাসকরা ভাবেন, একটি দাবি, একটি প্রতিবাদ, একটি ছাত্রসমাবেশ, একটি শ্রমিক ধর্মঘট কিংবা একটি প্রশাসনিক সিদ্ধান্ত বা একটি ভিন্নমত, যা নিয়ে এত উদ্বেগের কী আছে! কিন্তু এই ছোট ঘটনাগুলো যদি আগে থেকেই জমে থাকা অসন্তোষের সঙ্গে যুক্ত হয়, তাহলে তা বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে। নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তটি তার উদাহরণ। ভারতের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা বাংলাদেশের কোটা/বৈষম্য কেবল একটি পরীক্ষার অনিয়ম ছিল না, ছিল তরুণদের ভবিষ্যৎ, মেধার মূল্য এবং রাষ্ট্রীয় জবাবদিহির সংকট, যা জাতীয় দাবির মৌলিক প্রশ্নে পরিণত হয়েছিল।
অজ্ঞতা, না উদাসীনতা?
অ্যারিস্টটলের তত্ত্বের আলোকে বর্তমান ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বিপ্লবের আগে সাধারণত তিনটি পর্যায় তৈরি হয়। প্রথমত, কাঠামোগত অসন্তোষ: বৈষম্য, বেকারত্ব, দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ, রাজনৈতিক বঞ্চনা। দ্বিতীয়ত, রাষ্ট্রের প্রতি আস্থার সংকট: মানুষ মনে করে, অভিযোগ জানিয়ে লাভ নেই, প্রতিষ্ঠানগুলো তার পক্ষে কাজ করে না। তৃতীয়ত, তাৎক্ষণিক কোনো ঘটনা বা সিদ্ধান্ত সেই ক্ষোভকে এক জায়গায় এনে বিস্ফোরিত করে। তবে এই পর্যায়গুলো সব দেশে একইভাবে বা একই ক্রমে ঘটে না। সব আন্দোলন সব সময় বিপ্লবে পরিণতও হয় না।
সরকার বাহাদুরের জন্য সবচেয়ে বড় বিপদ হলো, তারা প্রায়ই তাৎক্ষণিক ঘটনাটিকেই পুরো সংকট মনে করেন। ছাত্ররা রাস্তায় নেমেছে? তাদের সরিয়ে দাও। শ্রমিকেরা মজুরি চাইছে? তাদের বিরুদ্ধে মামলা করো। সাংবাদিক প্রশ্ন করছেন? তাকে শত্রু ভাবো। বিরোধীরা সমাবেশ করছে? অনুমতি আটকে দাও। নাগরিক অধিকারকর্মীরা আইন নিয়ে প্রশ্ন তুলছেন? তাদের রাষ্ট্রবিরোধী বলো। বুদ্ধিজীবী ভিন্নমত দিচ্ছেন, তাকে চেপে ধরো। এভাবে প্রতিটি সমস্যাকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে তার রাজনৈতিক ও সামাজিক কারণগুলো অদৃশ্য থেকে যায়। এতে সরকার সাময়িকভাবে রাস্তা খালি করতে পারে, কিন্তু মানুষের মন থেকে ক্ষোভ সরাতে পারে না।
আরেকটি বিপজ্জনক প্রবণতা হলো, শাসকেরা নিজেদের চারপাশে এমন এক তথ্যবলয় তৈরি করেন, যেখানে সবাই শুধু ভালো খবর পৌঁছে দেয়। মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসন বলে, সমস্যা নেই। বিভিন্ন সংস্থা বলে, আন্দোলনের পেছনে ষড়যন্ত্র আছে। দলীয় নেতারা বলেন, জনগণ সরকারের সঙ্গে আছে। কিন্তু বাজারে গিয়ে দেখুন, মানুষের ক্রয়ক্ষমতা কেমন; বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখুন, তরুণেরা ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে; শ্রমিকের সঙ্গে কথা বলুন, তার মজুরি দিয়ে সংসার চলে কিনা; সরকারি হাসপাতালে গিয়ে দেখুন, সেবা পাওয়া যায় কিনা। রাষ্ট্রের প্রকৃত অবস্থা অনেক সময় সরকারি প্রতিবেদনের চেয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতায় বেশি স্পষ্ট হয়।
তবে একটি কথাও পরিষ্কার করা প্রয়োজন। প্রতিটি আন্দোলন বিপ্লব নয়, প্রতিটি বিক্ষোভ গণতান্ত্রিকও নয় আর বিপ্লবের নামে সহিংসতা বা প্রাণহানির কোনো নৈতিক বৈধতা তৈরি হয় না। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের জীবন ও সম্পদ রক্ষা করা। আন্দোলনকারীদেরও দায়িত্ব শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার এমনভাবে নিশ্চিত করা, যাতে অন্যের নিরাপত্তা ও সম্মান রক্ষিত হয়। কিন্তু বাস্তবে তা হয় না। সকল পক্ষই নিজের কাজের পক্ষে বৈধতার অজুহাত তৈরি করে এবং এভাবেই নানা পক্ষ সংকট বাড়ায়।
অ্যারিস্টটল শুধু বিপ্লবের কারণ বিশ্লেষণ করেননি, রাষ্ট্রকে কীভাবে বিপ্লব থেকে রক্ষা করা যায়, সে বিষয়েও আলোচনা করেছেন। তার পরামর্শের মধ্যে ছিল আইন ও প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, ক্ষমতার ভারসাম্য, বিভিন্ন শ্রেণির স্বার্থের সমন্বয়, ন্যায়সংগত আচরণ এবং শাসকদের সতর্কতা। অর্থাৎ রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে শুধু শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়; দরকার ন্যায়সংগত শাসন ও কৌশলপূর্ণ পদক্ষেপ। এজন্য মানুষকে সম্মান দিতে হবে, তাদের অভিযোগ শুনতে হবে, ক্ষমতার অপব্যবহার ঠেকাতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।
বিপ্লবের খবর সাধারণত বিপ্লবের দিন পত্রিকার শিরোনাম হয়। কিন্তু বিপ্লবের কারণ তার অনেক আগে থেকেই পত্রিকার ভেতরের পাতায়, আদালতের বারান্দায়, বিশ্ববিদ্যালয়ের করিডোরে, কারখানার গেটে, বাজারের দরদামে এবং মানুষের ঘরের কথাবার্তায় লেখা হতে থাকে। ক্ষমতাসীনরা যদি সেসব পড়তে না চান, তাহলে সেটি অজ্ঞতা নয়, রাজনৈতিক উদাসীনতা। আর উদাসীনতার মূল্য কখনো কখনো একটি সরকারকে দিতে হয়, কখনো পুরো রাষ্ট্র এবং সমাজকেও দিতে হয়।
বিপ্লব কেন হয়, অ্যারিস্টটল আড়াই হাজার বছর আগে লিখে গেছেন। ইতিহাস বারবার দেখিয়েছে। ইউরোপ দেখাচ্ছে, ভারত দেখাচ্ছে, শ্রীলঙ্কা ও নেপাল দেখিয়েছে, বাংলাদেশও দেখেছে। বিপ্লবের আগে মানুষ বহুবার বলে, বহুবার দাবি জানায়, বহুবার সতর্ক করে। সরকার যদি তখনো না শোনে, একসময় জনগণ আর সরকারের কাছে অনুমতি চাইতে আসে না। তখন ইতিহাস নিজেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
লেখক: প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।