প্রচ্ছদ রচনা

গোপালগঞ্জে ভিন্ন চিত্র

আরিফুল ইসলাম | এক্সক্লুসিভ
নভেম্বর ২১, ২০২৬
গোপালগঞ্জে ভিন্ন চিত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ই মে প্রজ্ঞাপন জারি করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় দলটি। এরপর রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। শীর্ষ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে বা আত্মগোপনে যাওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। তবে গোপালগঞ্জের চিত্র ছিল অনেকটাই ভিন্ন। শেখ পরিবারের রাজনৈতিক ও ঐতিহাসিক শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এই জেলায় এখনো অনেকটা অক্ষত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন। একই সঙ্গে রাজনীতির মাঠে দৃশ্যমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমপ্রতি দলীয় কর্মসূচির নামে শুধু মিছিল-সমাবেশ নয়, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, সড়ক অবরোধ, প্রতিপক্ষের কার্যালয় ও স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। সর্বশেষ ১৯শে নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে শক্তি প্রদর্শনের চিত্র দেখা গেছে। বিপরীতে বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতাকর্মীদের মাঠপর্যায়ে তেমন সক্রিয় উপস্থিতি চোখে পড়েনি। একের পর এক সহিংসতা ও প্রশাসনিক স্থাপনায় হামলার মধ্যদিয়ে প্রশ্ন উঠেছে, জুলাই-পরবর্তী গোপালগঞ্জের রাজনীতিতে নিজেদের শক্তির জানান দেয়ার চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা।
গোপালগঞ্জকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয়। এই জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও পৈতৃক নিবাস। এখানেই রয়েছে তার সমাধিসৌধ। শেখ পরিবারের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অস্তিত্বের সঙ্গে জেলার মানুষের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবনেও গোপালগঞ্জ ছিল বিশেষ গুরুত্বের জায়গা। তার শাসনামলে জেলাটি রাজনৈতিক ও প্রশাসনিক নানা বিবেচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। ফলে ৫ই আগস্টের পর দেশের অন্যান্য জেলার সঙ্গে গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতার পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।

 

অক্ষত বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন: জেলা সদরে সরজমিন দুইদিন অবস্থান করে দেখা গেছে, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, জেলা পরিষদ ডাকবাংলো, পৌরসভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও স্মৃতিচিহ্ন এখনো অক্ষত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও শেখ পরিবারের স্মৃতিচিহ্ন ভাঙচুরের ঘটনা ঘটলেও গোপালগঞ্জে তেমন চিত্র দেখা যায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের পর কয়েকটি স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তবে সেগুলো অক্ষত ছিল।
টুঙ্গিপাড়ায় বাইগার নদের পাড়ে ৩৮ দশমিক ৩০ একর জমির উপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স গড়ে উঠেছে। লাল সিরামিক ইট ও সাদা-কালো মার্বেল পাথরে নির্মিত এই সৌধের সামনে ফুলের বাগান, কৃত্রিম পাহাড়, পাঠাগার ও জাদুঘর পেরিয়ে মূল সমাধিসৌধে পৌঁছাতে হয়। বঙ্গবন্ধুর পাশে তার বাবা-মায়ের কবর রয়েছে। এই সমাধিসৌধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির অন্যতম আবেগ ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবেও বিবেচিত।
 

আড়াই বছর পর কার্যালয় খুলে সমাধিতে শ্রদ্ধা: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার পর দীর্ঘদিন টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত ছিল। তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ৭ই আগস্ট জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর দীর্ঘ সময় দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে উপস্থিতি দেখা যায়নি।
তবে ১৬ ও ১৭ই নভেম্বরের সহিংসতা এবং ১৯শে নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি পাল্টাতে থাকে। প্রায় আড়াই বছর পর টুঙ্গিপাড়া উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মিছিল এবং দোয়া মাহফিল করেন নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
গত সোমবার সকাল ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ের সামনে যান। তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সাড়ে ১০টার দিকে কার্যালয়ে মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। পরে বেলা ১১টার দিকে সমাধিসৌধের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা। সেখানে নিরাপত্তার দায়িত্বে দুই থেকে চারজন পুলিশ সদস্য থাকলেও তারা বাধা দেননি। বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় মিছিল নিয়ে প্রবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
 

টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেখ ইফতি জামান পল্লব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই সবাই একত্রিত হয়ে পার্টি অফিস খুলেছেন, যাতে নেতাকর্মীরা সেখানে বসতে পারেন। বঙ্গবন্ধুর সমাধি শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। এর আগের দিন রোববার রাতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধে প্রবেশ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। পৌর যুবলীগের নেতা নুরুল ইসলাম তাদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে।
লগি-বৈঠা নিয়ে মিছিল, সড়ক অবরোধ: গত ৯ই নভেম্বর থেকেই ধারাবাহিকভাবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে উপজেলা সদরে মিছিল করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা পরিষদ চত্বর ও ঘাঘর বাজার এলাকায় যান তারা।
১৯শে নভেম্বরের লকডাউন কর্মসূচিতে টুঙ্গিপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সকাল ৮টা থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়।  তাদের হাতে ছিল লগি-বৈঠা, ঝাড়ু ও দেশীয় সরঞ্জাম। পাটগাতী বাসস্ট্যান্ড, সিঙ্গিপাড়া মোড়, চৌরঙ্গী ও পাটগাতী বাজারে জড়ো হয়ে তারা স্লোগান দেন। মাইকে ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির আগেই ১৭ই নভেম্বর সন্ধ্যা থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই দিন শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হন। পরে দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা থানার দিকে অগ্রসর হন। আটক নেতাকর্মীদের ছেড়ে না দিলে থানা ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ থানা এলাকা ছেড়ে যায়। এরপর থানায় আগুন দেয়া হয়।
 

মহাসড়কে গাছের গুঁড়ি, পুড়েছে বিজিবি’র গাড়ি: গত বুধবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়ার পথে ঘোনাপাড়া মোড় পেরিয়ে সড়কে গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কে বিজিবি’র পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। একটি গাড়ি থেকে বিকাল ৩টা পর্যন্ত ধোঁয়া উড়ছিল। গিমাডাঙ্গা মোড়ে অন্তত আধা কিলোমিটার সড়ক জুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়। থানায় হামলা ও অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেয়ার পর জেলায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রথমে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছিল। তবে টুঙ্গিপাড়া থানায় হামলার পর পোড়া ভবন, ভাঙচুর ও লুটপাটের চিহ্নের পাশাপাশি আতঙ্কিত পুলিশ সদস্যদের বাড়ি ফেরার অনিশ্চয়তাও দেখা যায়।
শহরে অস্ত্র হাতে মহড়া, সরব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: ১৯শে নভেম্বরের লকডাউন কর্মসূচিতে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট মোড়, জেলা পরিষদ ডাকবাংলো ও মাদ্রাসা মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেকের মাথায় হেলমেট, হাতে রামদা, হকিস্টিক ও চাইনিজ কুড়াল দেখা যায়। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত অস্ত্র হাতে মহড়া দেন তারা। মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত বাড়তে থাকে। সবচেয়ে বেশি উপস্থিতি ছিল লঞ্চঘাট মোড়ে। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতাকর্মীদের তেমন কোনো প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা দেখা যায়নি। বিএনপি’র স্থানীয় সংসদ সদস্যদের এলাকায় উপস্থিতি ও মাঠপর্যায়ে রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান কার্যক্রমও চোখে পড়েনি। 
 

শেখ পরিবারকেন্দ্রিক প্রভাব ও পুরনো বলয়: স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, গোপালগঞ্জের রাজনীতিতে শেখ পরিবারকেন্দ্রিক প্রভাব গুরুত্বপূর্ণ। সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে স্থানীয় রাজনীতি এখনো সক্রিয় বলে একাধিক সূত্রের দাবি। তাদের ভাষ্য, শেখ সেলিমের নির্দেশনা এবং তার ছেলে শেখ নাইমের পরামর্শে জেলার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে তাদের অর্থায়নও রয়েছে বলে অভিযোগ রয়েছে।
জুলাই পদযাত্রায় হামলা, প্রাণহানি: জুলাই-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার বড় বাঁক আসে ২০২৫ সালের ১৬ই জুলাই। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি’র শীর্ষ নেতারা গোপালগঞ্জে গেলে উত্তেজনা তৈরি হয়। ‘মার্চ টু গোপালগঞ্জ’ প্রচারের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে। মঞ্চ ভাঙচুর, এনসিপি’র নেতাকর্মীদের গাড়িবহর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে প্রাণহানি ও বহু মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়। পরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সহায়তায় এনসিপি’র নেতাদের সরিয়ে নেয়া হয়। সেদিন চারজন নিহত হন বলেও জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, মাদারীপুর ও ফরিদপুরের নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। ৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থান থেকে পালিয়ে আসা নেতাকর্মীদের একটি অংশ গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
নভেম্বরের সহিংসতায় নতুন মাত্রা: গত ১৬ই নভেম্বরের বিক্ষোভে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়াল, ট্যাঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সাঁজোয়া যান ও পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ এবং বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। একই দিন টুঙ্গিপাড়া থানার এক উপ-পরিদর্শককে কুপিয়ে আহত এবং পৌর বিএনপি’র সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
 

১৮ই নভেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের আগের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টাঙানো হয়। নামফলক ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধরের হুমকি দেয়ার অভিযোগ ওঠে।

 

বিএনপি নেতাদের বাড়ি, হাসপাতাল ও কার্যালয়ে হামলা:
১৯শে নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া, নীলা মাঠ, হাসপাতাল মোড়, সার্কিট হাউস মোড় ও চর গোবরা এলাকায় গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ করা হয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের কারণে ঢাকার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে জানালা ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়া হয়। রোগী চিকিৎসাধীন থাকায় আতঙ্কে অনেকে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। দুপুরে মুকসুদপুর থানায় আগুন এবং সদরের পাঁচুড়িয়ায় বিএনপি’র কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। কাশিয়ানীতে সাদা পোশাকের এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আগুন দেয়া হয় গ্রামীণ ব্যাংকের দু’টি শাখায়।
 

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা জানান, হামলার আগে থানায় প্রায় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। তারা প্রথমে প্রতিরোধের চেষ্টা করেন। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা সরে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের পরিচয় জানানো সম্ভব হবে বলে জানান তিনি। জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান ‘জনতার চোখ’কে বলেন, ‘হামলা, ভাঙচুর ও আগুন সন্ত্রাসের কার্যক্রম গণতন্ত্র বিশ্বাসী কোনো রাজনৈতিক দল করতে পারে না। যারা করে তারা দেশের শত্রু, মানুষের শত্রু। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ’২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই জবাব দিবে।’
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন: ধারাবাহিক সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রকাশ্যে মিছিল, দলীয় কার্যালয় খোলা, সমাধিসৌধে প্রবেশ এবং দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার সময় বাহিনীগুলোর দৃশ্যমান তৎপরতা ছিল সীমিত। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘আমরা চেষ্টা করেছি। যতটুকু পারছি করছি। যতটুকু পারি নাই, করি নাই।’ এর আগে সহিংসতার পর জেলার ডিসি, এসপি এবং টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী থানার ওসিকে বদলি করা হয়। গত সোমবার জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও পরে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
 

রাজনৈতিক আবেগ, শক্তি প্রদর্শন: শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন আলোচনা শুরু হয়েছে। ১০ ও ১৫ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শক্তি প্রদর্শন, সড়কে জমায়েত, বিএনপি’র কার্যালয়ে হামলা ও পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনা আলোচনায় আসে। স্থানীয় রিকশাচালক জমির উদ্দিন বলেন, কর্মসূচিতে সবাই সর্বাত্মক অংশগ্রহণ করবে- এটাই এখানে স্বাভাবিক। কারণ, এটা গোপালগঞ্জ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন সাবেক ছাত্রলীগ নেতা বিএম ইউনূস ভূঁইয়া বলেন, আমরা গোপালগঞ্জবাসী শেখ পরিবারের সঙ্গে যুক্ত। বঙ্গবন্ধুর কন্যা দেশে আসবেন। এ জন্য আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকি।  
 

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসার পর টানা প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের গ্রেনেড হামলাকে ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করা হতো। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর সেই বাস্তবতা বদলে যায়। অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর সরকারি ছুটি বাতিল করে। ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও দিনটি আর রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে না। তবে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও শেখ পরিবারকে ঘিরে আবেগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক উপস্থিতি পুরোপুরি বিলীন হয়নি।
 

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর অক্ষত স্মৃতিচিহ্ন, শেখ পরিবারকেন্দ্রিক রাজনৈতিক আবেগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুরনো সাংগঠনিক বলয় এবং রাজপথে শক্তি প্রদর্শনের প্রবণতা গত কয়েকদিনে ছিল দৃশ্যমান। অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান দুর্বল উপস্থিতি, নেতাকর্মীদের বাড়িঘর ও স্থাপনায় ধারাবাহিক হামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন জেলার রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে জাতীয় রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, গোপালগঞ্জে তার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। বরং পুরনো রাজনৈতিক প্রভাব, নতুন ক্ষমতার বাস্তবতা এবং সহিংসতার ধারাবাহিকতায় গোপালগঞ্জের রাজনীতি এক গোলক ধাঁধার মতো হয়ে উঠেছে।

 

এক্সক্লুসিভ'র অন্যান্য খবর