কলকাতার চিঠি

ভারতে অযোধ্যার পর এবার বিতর্কিত মথুরা নিয়ে বিজেপি’র নতুন চাল

পরিতোষ পাল | মতামত
নভেম্বর ২১, ২০২৬
ভারতে অযোধ্যার পর এবার বিতর্কিত মথুরা নিয়ে বিজেপি’র নতুন চাল

ভারতে অযোধ্যার পর এবার বিতর্কিত মথুরা নিয়ে বিজেপি রথযাত্রা করতে চলেছে। সাংবাদিকদের মতে, বিজেপি’র কৌশলগত বৈঠক থেকে ‘অযোধ্যা আমাদের, এবার মথুরার পালা’ বার্তা হিসেবে উঠে এসেছে। সোজা কথায় বিজেপি’র আগামী দিনের রাজনৈতিক বয়ান এবং নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে একটি বিশাল মন্দির নির্মাণের বিষয়টি। মথুরার সাংসদ হেমামালিনী বলেছেন, অযোধ্যায় যেভাবে রাম মন্দির নির্মিত হয়েছে, ঠিক সেভাবেই আমরা শ্রীকৃষ্ণ জন্মভূমিতেও মন্দির নির্মাণ করতে চাই। হিন্দুদের ধর্ম বিশ্বাসে ভগবান কৃষ্ণের জন্মস্থান হিসেবে মথুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ বিবাদটি মথুরার ১৩.৩৭ একর জমির মালিকানা সংক্রান্ত। এখানে কৃষ্ণ জন্মস্থান মন্দিরের ঠিক পাশেই রয়েছে শাহী ঈদগাহ মসজিদ। আর এই স্থানটিকেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বলে মনে করা হয়।
 

হিন্দু আবেদনকারীরা মসজিদটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ ও মসজিদ ট্রাস্টের মধ্যে ১৯৬৮ সালে হওয়া একটি চুক্তিকে চ্যালেঞ্জ করেছেন। এই চুক্তির মাধ্যমে উভয় উপাসনালয়কে পাশাপাশি টিকে থাকার অনুমতি দেয়া হয়েছিল। অযোধ্যার রাম জন্মভূমি এবং বারাণসীর কাশি বিশ্বনাথ-জ্ঞানবাপী বিবাদের মতোই, মথুরার এই বিবাদটিও দীর্ঘকাল ধরে সংঘ পরিবার ও বিজেপি’র সঙ্গে যুক্ত তিনটি প্রধান মন্দির-মসজিদ বিবাদের অন্যতম একটি।
আগামী ২০শে নভেম্বর কৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ বিবাদের পরবর্তী শুনানির দিন ধার্য হওয়ায়, বিজেপি’র মন্দিরকেন্দ্রিক নতুন এই উদ্যোগ মথুরাকে আবারো আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রশ্ন উঠেছে, বিজেপি কি মথুরাকে পরবর্তী অযোধ্যা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে? 
 

এবার অযোধ্যার মতোই বিজেপি মথুরায় একটি বিশাল কৃষ্ণ মন্দির নির্মাণের জন্য ‘কর সেবা’র আয়োজন করেছে। উত্তর প্রদেশের আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মথুরায় কৃষ্ণ মন্দির নির্মাণের বিষয়টিকে জোরদারভাবে তুলে আনতে চলেছে। সমপ্রতি মথুরাতে একটি চিন্তন বৈঠকে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে ৫৪ জন শীর্ষস্থানীয় নেতা একত্রিত হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক, উত্তর প্রদেশ বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। বিজেপি’র জাতীয় সভাপতি নিতীন নবীনও যোগ দিয়েছেন। 
উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে অথবা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই মন্দির নির্মাণ করা সম্ভব। তিনি ‘কৃষ্ণ জন্মভূমি’র বিষয়টিকে নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হিসেবে অভিহিত করেছেন।
আর রাজনৈতিক চাল হিসেবে  বিজেপি তাদের প্রতিপক্ষকে করসেবায় যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদবের ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়কে এই বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। 
 

নির্বাচনের আগে মথুরাকে চাল হিসেবে ব্যবহার করা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, অযোধ্যার পর বিজেপি শক্তিশালী ধর্মীয় ইস্যু খুঁজছে। ২০২৪ সালে রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার মাধ্যমে বিজেপি’র হাতে তুলে ধরার মতো একটি সম্পন্ন মন্দির প্রকল্প রয়েছে। অন্যদিকে, কৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ বিতর্কটি এখনো অমীমাংসিত। অযোধ্যায় রাম মন্দির আন্দোলনের সময় বিজেপি যেভাবে জনসমর্থন ও উদ্দীপনা তৈরি করেছিল, মথুরার ইস্যুটিকে কেন্দ্র করে তারা আবারো তেমন কিছু করার সুযোগ পেতে পারে। এ ছাড়া, মথুরার দিকে মনোযোগ সরানোর ফলে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু অযোধ্যা থেকে সরে আসবে, যেখানে সমাজবাদী পার্টি (এসপি) রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করে আসছে।
মথুরা ইস্যুটি অখিলেশ যাদবের  সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সমাজবাদী পার্টি তাদের নির্বাচনী কৌশল সাজিয়েছে ‘পিছড়া’ (অনগ্রসর), দলিত এবং ‘অল্পসংখ্যক’ (সংখ্যালঘু) ভোটারদের কেন্দ্র করে। কৃষ্ণ জন্মভূমি ইস্যুটিকে সামনে এনে বিজেপি জাতিগত বিভাজনের ঊর্ধ্বে গিয়ে হিন্দু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে। মথুরাকে কেন্দ্র করে একটি বৃহত্তর হিন্দু পরিচয়ের বয়ান তৈরি করার মাধ্যমে বিজেপি সমাজবাদী পার্টির ‘যাদবকেন্দ্রিক’ রাজনীতির মোকাবিলা করতে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর ভোটারদের কাছে পৌঁছাতে চাইতে পারে।
 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যাদব সমপ্রদায়ের সম্পর্ক। যাদব সমপ্রদায় ঐতিহ্যগতভাবে নিজেদের শ্রীকৃষ্ণের বংশধর বলে মনে করে। অখিলেশ যাদব এই সমপ্রদায়ের অন্যতম প্রধান নেতা এবং যাদব ভোটাররাই সমাজবাদী পার্টির মূল ভিত্তি। এ ছাড়া, যেখানে মথুরা অবস্থিত সেই  ব্রজ অঞ্চলকে অনেক যাদবই তাদের আদিনিবাস বলে মনে করেন। তাই, উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের অখিলেশকে ‘কর সেবা’য় যোগ দেয়ার আমন্ত্রণ সমাজবাদী পার্টির প্রধানকে একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর অবস্থানে ফেলে দিয়েছে। কার্যত, বিজেপি তাকে এমন একটি বিষয়ে অবস্থান নিতে বলেছে, যার সঙ্গে ধর্মীয় ও সামপ্রদায়িক, উভয় ধরনের তাৎপর্যই জড়িয়ে আছে। তাছাড়া কৃষ্ণ জন্মভূমির বিষয়টি উত্থাপনের মাধ্যমে বিজেপি অ-যাদব ওবিসি সমপ্রদায়গুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করতে পারে এবং এই অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
সব মিলিয়ে, একটি বিষয় স্পষ্ট যে,  ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে মথুরা বিজেপি’র জন্য একটি বড় ইস্যু হয়ে উঠছে। তবে এর অর্থ এই নয় যে, দলটি অযোধ্যা থেকে সরে আসছে। বরং, তারা তাদের রাজনৈতিক বয়ানে শ্রীকৃষ্ণ জন্মভূমিকেও যুক্ত করছে। আর বিজেপি’র এই চেষ্টা আসলে  এমন এক সময়ে, যখন অখিলেশ যাদব অযোধ্যা ও বৃন্দাবন সফরের পরিকল্পনার মাধ্যমে বিজেপিকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছেন।

 

মতামত'র অন্যান্য খবর