সম্পাদকীয়

চাই অর্থনীতির গাঁথুনি

কাজল ঘোষ | মতামত
নভেম্বর ২১, ২০২৬
চাই অর্থনীতির গাঁথুনি

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, আগে চাই বাংলাভাষার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পত্তন। একইভাবে দেশ বাঁচাতে হলে বলতে চাই- আগে চাই অর্থনীতির গাঁথুনি, তারপর মাঠের রাজনীতি। মাত্র ক’দিন আগেই ইকোনমিস্ট বাংলাদেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ের অবতারণা করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে। এর পেছনে আংশিক দায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের লুটপাট। 
ব্যাংকিং খাতের সংকটের পাশাপাশি গার্মেন্টস সেক্টরে চলছে ধর্মঘট। দু’দিক থেকে প্রচণ্ড চাপের মুখে সরকার। একইসঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতেও হিমশিম খাচ্ছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানানোর পর ৫০টির বেশি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। 
 

ইকোনমিস্ট প্রকাশিত এই প্রতিবেদন এক কথায় খারিজ করার সুযোগ নেই। দেশের অর্থনীতি ধুঁকছে। আর তা চলছে পূর্ববর্তী সরকারগুলোর সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণেই। কিন্তু এই দায় তো সামাল দিতে হবে বর্তমান সরকারকেই। অর্থনীতি হচ্ছে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। দেশের অর্থনীতি গতিময় না থাকলে এর চাপ পড়বে সর্বত্র। 
দেশের রাজনীতিতে ঝড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, সড়ক অবরোধ দিয়ে জনজীবন অচল করার চেষ্টা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলছে বিতর্ক। এরমধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধীরে ধীরে সরব হচ্ছে। ইতিমধ্যেই গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, খুনোখুনি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের সমাপনী অধিবেশনে ‘ফ্যাসিস্ট’ ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক দিয়েছেন। একই সুর ছিল বিরোধী নেতা ডা. শফিকুর রহমানের বক্তৃতায়ও। 
সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দরকার সুচিন্তিত পদক্ষেপ। সংঘাতের রাজনীতি দেশকে বিপদগামী করতে পারে। তাই দরকার সংঘাতের পরিবর্তে যৌক্তিক সমঝোতা, প্রতিশোধের বিপরীতে ন্যায়বিচার। 
 

মতামত'র অন্যান্য খবর