মত-মতান্তর

মিয়ানমার গণহত্যায় দায়ী হলে ইসরাইল কেন নয়?

মোহাম্মদ আবুল হোসেন | মতামত
নভেম্বর ২১, ২০২৬
মিয়ানমার গণহত্যায় দায়ী হলে ইসরাইল কেন নয়?

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ‘সিসমিক’ বা ভূমিকম্পের মতো এক রায় দিয়েছে। তারা বলেছে, রাখাইনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার রাষ্ট্র। এ রায়কে আন্তর্জাতিক দুনিয়া ঐতিহাসিক বলে অভিহিত করেছে। কারণ, গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দায়ী করার ক্ষেত্রে ১৯৪৮ সালের পর এটাই প্রথম রায়। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর জাতিনিধনের উদ্দেশ্যে যে গণহত্যা চালানো হয়েছে তাতে ১০ লাখের মতো রোহিঙ্গা পালিয়ে কোনোমতে জীবন নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদেরকে ফিরিয়ে নেয়া, তাদের সম্পত্তি ফেরত, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে। তবে আইসিজের রায় কার্যকর করার দায়িত্ব এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের। আদালত তার রায় দিয়ে দিয়েছে। দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত ৯-৬ ভোটে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। একই সঙ্গে ২০১৭ সালে রাখাইন রাজ্যে চালানো ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার না করার দায়েও মিয়ানমারকে অভিযুক্ত করেছেন আদালত। আদালত মিয়ানমারকে গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থা দেয়ার নির্দেশ দিয়েছেন। ১৯৪৮ সালে জাতিসংঘের গণহত্যা সনদ গৃহীত হওয়ার পর এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের দায়ে অভিযুক্ত করলো আন্তর্জাতিক বিচার আদালত। এই রায়টি শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আন্তর্জাতিক বিচারব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে গণহত্যার দায় নির্ধারণ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা নিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। আলোচনায় এসেছে গাজায় ইসরাইল যে ‘গণহত্যা’ চালিয়েছে সে বিষয়টি। বলা হচ্ছে, এই সংজ্ঞায় ইসরাইলকেও দায়ী করতে পারে আইসিজে। 
কেন গুরুত্বপূর্ণ এই মামলা
 

এর আগে গণহত্যার অভিযোগ নিয়ে দু’বার আইসিজে চূড়ান্ত রায় দিয়েছে। ২০০৭ সালে বসনিয়া যুদ্ধের সময় ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর গণহত্যার বিষয়টি আদালত স্বীকার করেন। তবে এ জন্য সার্বিয়াকে সরাসরি দায়ী করেননি। আদালত বলেন, সার্বিয়া গণহত্যা প্রতিরোধ করতে এবং দায়ীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে সাবেক যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর সংঘটিত অপরাধ নিয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার পাল্টাপাল্টি গণহত্যার অভিযোগ খারিজ করে দেন আদালত। ওই সংঘাতে গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, এমন প্রমাণ আদালত পাননি। মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি আরেকটি কারণে গুরুত্বপূর্ণ। এটি আন্তর্জাতিক বিচার আদালতে কোন দেশ মামলা করতে পারবে, সে বিষয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদের আওতায় মামলা করে। রোহিঙ্গাদের সঙ্গে গাম্বিয়ার সরাসরি কোনো ভৌগোলিক বা জাতিগত সম্পর্ক নেই। কিন্তু ২০২২ সালে আদালত জানিয়ে দেন, গণহত্যা সনদের যেকোনো সদস্য রাষ্ট্র এই সনদ বাস্তবায়নের স্বার্থে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে।
 

গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। এখন এই মামলার ক্ষেত্রেও মিয়ানমারের বিরুদ্ধে দেয়া রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কারণে দেশটির বিরুদ্ধে সেখানে ২০২৩ সালে মামলা চালায় হামাস। তারপর কমপক্ষে ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে পুরো গাজাবাসী, পশ্চিমতীরের জনগণকে উচ্ছেদ বা হত্যাকাণ্ডে মেতে ওঠে। তারা মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, স্কুল সহ বেসামরিক স্থাপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বার বার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে, গাজা একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। 
কীভাবে শুরু হয়েছিল রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা
রোহিঙ্গাদের সশস্ত্র একটি গোষ্ঠী ২০১৭ সালে সেনাবাহিনীর নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর ওই বছরের শেষ দিকে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ শুরু করে। এ সময় হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করা হয়। শত শত নারী ও কিশোরী ধর্ষণের শিকার হন। পুড়িয়ে দেয়া হয় গ্রামের পর গ্রাম। প্রাণ বাঁচাতে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তবে আন্তর্জাতিক আইনে গণহত্যার সংজ্ঞা বেশ সুনির্দিষ্ট। শুধু ব্যাপক হত্যাকাণ্ড বা সহিংসতা ঘটলেই সেটিকে গণহত্যা বলা যায় না। কোনো জাতি, ধর্মীয় বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য থাকতে হয়। গণহত্যার শারীরিক কর্মকাণ্ডের প্রমাণ সংগ্রহ করা সম্ভব হলেও এর পেছনের উদ্দেশ্য প্রমাণ করা কঠিন। কারণ, এ ধরনের পরিকল্পনা সাধারণত সরকারি নথিতে লিখিত থাকে না। এ কারণে আইসিজে’কে মিয়ানমারের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেশটির উদ্দেশ্য নির্ধারণ করতে হয়েছে। আদালত স্পষ্ট করেছেন, গণহত্যার উদ্দেশ্যের পাশাপাশি অন্য উদ্দেশ্যও থাকতে পারে। কিন্তু সব প্রমাণ একত্রে বিবেচনা করলে গণহত্যার উদ্দেশ্যই যদি একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হয়, তাহলে রাষ্ট্রকে এর দায় নিতে হবে।
 

মিয়ানমারের সেনাবাহিনী এবং দেশটির সাবেক নেত্রী অং সান সুচি হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেননি। তবে তাদের দাবি, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। মিয়ানমার আরও দাবি করে, মামলাটি ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও আদালতে জানায় দেশটি। কিন্তু আইসিজে এসব যুক্তি প্রত্যাখ্যান করেছেন। আদালতের পর্যবেক্ষণ, সেনাবাহিনীর বহু কর্মকাণ্ডকে বিদ্রোহ দমনের অভিযান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অভিযানের সময় বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। পুরুষ ও কিশোরদের হত্যা করা হয়েছে, নারী ও কিশোরীদের ব্যাপকভাবে ধর্ষণ করা হয়েছে। শিশু ও নবজাতকদেরও টার্গেট করা হয়েছে। পরিকল্পিতভাবে গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। এমনকি বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ও মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, এসব প্রমাণ থেকে একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত হলো, উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছিল।
সামরিক নেতাদের বিচার কি এবার সহজ হবে?
আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করেন। ব্যক্তিবিশেষের অপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের নেই। তবে এই রায়ের ফলে মিয়ানমারের সামরিক নেতাদের ব্যক্তিগতভাবে বিচারের মুখোমুখি করার পথ আরও শক্তিশালী হতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলিরা ইতিমধ্যে মিয়ানমারের সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। তবে এ বিষয়ে বিচারকদের সিদ্ধান্ত আসেনি। আইসিজের এই রায় ভবিষ্যতে গণহত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিবিশেষের বিচারের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে।
এরপর কী হবে?
 

ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণের জন্য মামলাটি খোলা রেখেছেন আদালত। রায় বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা জানাতে মিয়ানমারকে দুই বছর সময় দেয়া হয়েছে। আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। তবে রায় কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী নেই। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ চাইলে মিয়ানমারকে আদালতের রায় মানতে বাধ্য করার পদক্ষেপ নিতে পারে। তবে অতীতে এই ক্ষমতা কখনো প্রয়োগ করা হয়নি। এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সামরিক সরকারের দুই গুরুত্বপূর্ণ সমর্থক দেশ হিসেবে তারা বারবার দেশটির পক্ষে কূটনৈতিক অবস্থান নিয়েছে। গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করার পরও তারা এই সমর্থন অব্যাহত রাখবে কিনা, তা এখন দেখার বিষয়। চীন নিজেকে দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তুলে ধরতে চায়। ফলে আইসিজের রায় মিয়ানমারের সামরিক সরকারের প্রতি দেশটির কূটনৈতিক সমর্থনের মাত্রায় প্রভাব ফেলতে পারে। তবে ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক সম্পর্কের কারণে মিয়ানমারের সঙ্গে চীনের সম্পৃক্ততা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হয়েছে। মিয়ানমারের গণহত্যার পক্ষে অবস্থান নেয়া হয়েছে, এমন ভাবমূর্তি এড়াতে মস্কোও সতর্ক থাকতে পারে। তবে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন আসতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ১১টি দেশ নিয়ে গঠিত আসিয়ান সম্প্রতি মিয়ানমারের সঙ্গে ‘পরিমিত সম্পৃক্ততা’ বা ক্যালিব্রেটেড এনগেজমেন্টের ইঙ্গিত দিয়েছে। কিন্তু আইসিজের এই রায়ের পর সেই উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া যেকোনো দেশকে ইউরোপীয় ইউনিয়নের চাপের মুখে পড়তে হতে পারে। সবচেয়ে বড় পরিহাস হলো, যে সরকারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টার দায়ে অভিযুক্ত করা হয়েছে, সেই সরকারকেই এখন রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেয়া হয়েছে। এ পর্যন্ত আদালত তার এখতিয়ারের মধ্যে থেকে যা করার সম্ভব, করেছে। মামলা দায়ের করে গাম্বিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আদালতের নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করার দায়িত্ব এখন বিশ্বের সব রাষ্ট্রের। বিশেষ করে যেসব দেশ এতদিন মিয়ানমারের রোহিঙ্গা সংকটের দিকে চোখ ফিরিয়ে রেখেছিল, তাদেরও এ দায়িত্ব নিতে হবে।
গাজা যুদ্ধেও কী প্রভাব পড়বে?
 

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রশ্নেই নয়, এই রায়ের প্রভাব পড়তে পারে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে চলমান মামলাতেও। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য কীভাবে নির্ধারণ করা হবে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ব্যাপক বেসামরিক প্রাণহানিকে কীভাবে মূল্যায়ন করা হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে আদালত। আদালতের এই রায় মূলত প্রচলিত আন্তর্জাতিক আইনি নজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এতে এমন কিছু বিষয় স্পষ্ট হয়েছে, যা দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলবিরোধী মামলার বিচারেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মানবিক আইন বিশেষজ্ঞ জানিনা ডিল বলেন, মিয়ানমারের মামলায় আদালত এমন কিছু প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন, যেগুলোর ওপর দক্ষিণ আফ্রিকা বনাম ইসরাইল মামলার ফল নির্ভর করতে পারে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলার মধ্যদিয়ে ইসরাইল-গাজা যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জিম্মি করা হয় প্রায় ২৫০ জনকে। ইসরাইলের ইতিহাসে সেটি ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন। এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরাইল। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, পরবর্তী তিন বছরে ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযানে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কতোজন যোদ্ধা ছিলেন, সেই হিসাব আলাদা করে দেয়া হয়নি। তবে নিহতদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। ইসরাইলের নেতারা গণহত্যার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছেন। তাদের বক্তব্য, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করা নয়, বরং হামাসকে নির্মূল করাই ছিল সামরিক অভিযানের লক্ষ্য। ইসরাইলের দাবি, হামাস যোদ্ধারা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষের মধ্যে অবস্থান করায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলার সময় সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি বেড়েছে। অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি এবং নজিরবিহীন ধ্বংসযজ্ঞ নৈতিক ও আইনি সীমা অতিক্রম করেছে। 
 

মতামত'র অন্যান্য খবর