এই সময়

রাষ্ট্র রূপান্তরে ঐক্যের রাজনীতিই এখন জরুরি

শহীদুল্লাহ ফরায়জী | মতামত
নভেম্বর ২১, ২০২৬
রাষ্ট্র রূপান্তরে ঐক্যের  রাজনীতিই এখন জরুরি

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রশ্নটি হলো, আমরা কি আবার রাজনৈতিক সংঘাত, সহিংসতা ও পারস্পরিক বিভেদের পথে এগোবো, নাকি জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে উন্মোচিত রাষ্ট্র রূপান্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন গণতান্ত্রিক ঐকমত্য প্রতিষ্ঠা করবো? আমরা কি দলীয় সংকীর্ণ স্বার্থ, ক্ষমতার প্রতিযোগিতা ও প্রতিহিংসার রাজনীতির কারণে রাষ্ট্রকে আবার অস্থিতিশীলতা ও ধ্বংসের দিকে ঠেলে দেবো? জনজীবনকে কি নতুন করে নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও বিপর্যয়ের মুখে ঠেলে দেবো? সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং উৎপাদন ও উন্নয়নব্যবস্থা বিপর্যস্ত করার রাজনীতির মধ্যদিয়ে কি আমরা একটি সম্ভাবনাময় রাষ্ট্রের ভবিষ্যৎ বিপন্ন করতে চাই? কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আকাঙ্ক্ষা কিংবা বিরোধিতার কৌশল জাতীয় নিরাপত্তা, জনগণের জীবন-জীবিকা ও রাষ্ট্রের স্থিতিশীলতার চেয়ে বড় হতে পারে না। এই প্রশ্নগুলোর উত্তর শুধু ক্ষমতাসীন সরকার কিংবা বিরোধী দলের রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভর করে না; এর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, গণতন্ত্রের স্থায়িত্ব, জাতীয় নিরাপত্তা এবং জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। এই রাজনৈতিক পরিস্থিতিতে গণ-অভ্যুত্থানের পর জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে যে মতপার্থক্য, অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, তা নিরসনের একটি সম্ভাব্য পথ হতে পারে ঐক্যের রাজনীতি। এই ঐক্য কোনো দলীয় জোটের সমার্থক নয়, কোনো সরকারের প্রতি নিঃশর্ত সমর্থনও নয়। বরং এটি হতে পারে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর একটি অভিন্ন জাতীয় অবস্থান।
 

ঐক্যের ভিত্তি ক্ষমতার সমঝোতা নয়, রাষ্ট্রের রূপান্তর
জুলাই গণ-অভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ঘটায়নি; এটি রাষ্ট্রের প্রচলিত ক্ষমতাকাঠামো, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে। জনগণ শুধু সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নামেনি। তাদের প্রত্যাশা ছিল এমন একটি রাষ্ট্র, যেখানে ক্ষমতার উৎস হবে জনগণ, রাষ্ট্রক্ষমতা থাকবে সাংবিধানিক সীমার মধ্যে এবং প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সরকার পরিবর্তন আর রাষ্ট্র রূপান্তর এক বিষয় নয়। সরকার পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক শক্তির পরিবর্তন ঘটে; কিন্তু রাষ্ট্রের ক্ষমতাকাঠামো, প্রাতিষ্ঠানিক চরিত্র এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অপরিবর্তিত থাকলে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যায়। অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় আমরা দেখেছি, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও ক্ষমতার কেন্দ্রীভবন, প্রশাসনের দলীয়করণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণের অবসান ঘটেনি।
 

সুতরাং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য রাষ্ট্র সংস্কারকে রাষ্ট্র রূপান্তরের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্র সংস্কার কেবল কিছু সাংবিধানিক সংশোধন, প্রশাসনিক পুনর্বিন্যাস কিংবা প্রতিষ্ঠান পুনর্গঠনের কর্মসূচি নয়; এর লক্ষ্য হবে রাষ্ট্রের ক্ষমতার উৎস, কাঠামো, প্রয়োগ ও জবাবদিহির ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা। এই সংস্কারের মধ্যদিয়ে ক্ষমতার কেন্দ্রীভবন ভাঙতে হবে, সাংবিধানিক ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয় আনুগত্যের পরিবর্তে সংবিধান ও জনগণের প্রতি দায়বদ্ধ করতে হবে। রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র রূপান্তরের প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া; আর রাষ্ট্র রূপান্তর হবে তার ঐতিহাসিক লক্ষ্য। জুলাই একটি ঘটনা নয়; এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার লক্ষ্য শুধু শাসকের পরিবর্তন নয়, রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর গণতান্ত্রিক রূপান্তর। জুলাই জাতীয় সনদ সেই রূপান্তরের একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি গ্রহণের উদ্যোগও এই প্রক্রিয়াকে বিশেষ রাজনৈতিক তাৎপর্য দিয়েছে। অতএব, সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নকে কোনো একটি রাজনৈতিক দলের দাবি কিংবা অন্য দলের রাজনৈতিক পরাজয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি জনগণের অভিপ্রায়ের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতার প্রশ্ন।
 

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক বিরোধের নিষ্পত্তির পথ
গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সরকার ও বিরোধী দলের মধ্যে নীতিগত বিরোধও থাকবে। কিন্তু জনগণের সম্মতিতে গৃহীত কোনো রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যদি পরস্পরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তাহলে গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনাই সংকুচিত হয়। গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন গণতান্ত্রিক দায়বদ্ধতার অংশ। তবে সেই রায় বাস্তবায়নের সাংবিধানিক পদ্ধতি, প্রাতিষ্ঠানিক কর্তৃত্ব এবং আইনি বৈধতা নিয়ে যে প্রশ্ন রয়েছে, সেগুলোও উপেক্ষা করা যায় না। সংসদীয় প্রক্রিয়া, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ এবং আদালতের বিবেচনাধীন বিষয়গুলো নিয়ে যুক্তিনিষ্ঠ আলোচনা ও সমাধান প্রয়োজন। এখানে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব অপরিসীম। আইনি প্রশ্নের নিষ্পত্তি আদালতের এখতিয়ারের বিষয়; কিন্তু রাজনৈতিক মতপার্থক্য দূর করে একটি গ্রহণযোগ্য বাস্তবায়ন প্রক্রিয়া তৈরি করা রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। সরকার যদি মনে করে সংসদীয় প্রক্রিয়ার মধ্যদিয়েই সংস্কার বাস্তবায়ন করতে হবে, তাহলে বিরোধী দলগুলোর বক্তব্য ও আপত্তিকে সেই প্রক্রিয়ার মধ্যে কার্যকরভাবে বিবেচনা করতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলোরও আলোচনার টেবিলে নিজেদের যুক্তি, প্রস্তাব ও বিকল্প বাস্তবায়নপদ্ধতি উপস্থাপনের সুযোগ গ্রহণ করা উচিত। কোনো পক্ষের একক অবস্থান চাপিয়ে দেয়া নয়, বরং জনগণের রায়ের প্রতি সম্মান রেখে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করাই হওয়া উচিত অভিন্ন লক্ষ্য।
 

সংঘাত নয়, সংলাপ ও রাজনৈতিক সমঝোতা
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে আহ্বান জানিয়েছেন তা খুবই গুরুত্বপূর্ণ।এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য শুধু ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কোনো নির্দিষ্ট রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সাময়িক ঐক্য গঠনের চেয়ে অনেক বিস্তৃত বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সাংবিধানিক শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য, প্রশাসনের নিরপেক্ষতা এবং নাগরিক অধিকার রক্ষার প্রশ্নে অভিন্ন অবস্থান তৈরি করা সম্ভব। এ জন্য প্রধানমন্ত্রীকে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাশাপাশি রাজনৈতিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্রিয়াশীল অন্যান্য রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গেও আনুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিতে হবে। সংলাপ যেন কেবল সৌজন্য সাক্ষাৎ কিংবা তাৎক্ষণিক রাজনৈতিক উত্তেজনা প্রশমনের কৌশল না হয়; বরং সুনির্দিষ্ট আলোচ্যসূচি, সময়সীমা ও বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তের ভিত্তিতে পরিচালিত হয়। রাজনৈতিক অনৈক্যের বিপরীতে সংলাপ দুর্বলতার প্রকাশ নয়। বরং গণতান্ত্রিক রাষ্ট্রে মতপার্থক্যকে প্রাতিষ্ঠানিকভাবে নিষ্পত্তি করার অন্যতম প্রধান উপায়।
দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার যেকোনো অপচেষ্টা বা সহিংস রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা কারও কাম্য হতে পারে না। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতবিরোধ থাকবে, প্রতিবাদ ও আন্দোলনের অধিকারও থাকবে; কিন্তু তার নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিংবা মানুষের জীবন বিপন্ন করার রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সংঘাত প্রশমনে দায়িত্বশীল ভূমিকা পালন করা। অতএব, জাতীয় নিরাপত্তা ও জনজীবনের সুরক্ষাকে দলীয় রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে সব রাজনৈতিক শক্তিকে সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথে আসতে হবে।
 

ঐক্যের রাজনীতি মানে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা
আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক ঐক্যের উদ্দেশ্য শুধু বর্তমান সংকট মোকাবিলা নয়; ভবিষ্যতে যেন একই ধরনের কর্তৃত্ববাদী শাসন, ক্ষমতার এককেন্দ্রিকতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ ফিরে আসতে না পারে, সেই নিশ্চয়তা তৈরি করা। এ জন্য রাষ্ট্রের ক্ষমতাকাঠামোতে মৌলিক পরিবর্তন প্রয়োজন। নির্বাহী বিভাগের ক্ষমতার ওপর কার্যকর সাংবিধানিক নিয়ন্ত্রণ, সংসদের জবাবদিহি, স্বাধীন বিচারব্যবস্থা, নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রাষ্ট্র রূপান্তরের অন্যতম প্রধান শর্ত হলো দলতান্ত্রিক শাসনব্যবস্থার অবসান। এখানে বহুদলীয় গণতন্ত্রের অবসান নয়, বরং রাষ্ট্রকে রাজনৈতিক দলের সম্পত্তি হিসেবে ব্যবহার করার সংস্কৃতির অবসান জরুরি। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের মালিক হতে পারে না। রাষ্ট্রের প্রশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠান কোনো দলের ক্ষমতা সংরক্ষণের হাতিয়ার হতে পারে না। নির্বাচনে বিজয়ী দল সরকার পরিচালনা করবে, কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠান পরিচালিত হবে সংবিধান, আইন, নিরপেক্ষতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে। অর্থাৎ দলীয় সরকার থাকবে, কিন্তু দলীয় রাষ্ট্র থাকবে না।
রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের কার্যকর অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র সংস্কার অর্থবহ হয় না, তেমনি ক্ষমতার জবাবদিহি ছাড়া গণতন্ত্রও স্থায়ী হয় না। তাই ঐক্যের রাজনীতিকে ক্ষমতায় অংশগ্রহণের সমঝোতা থেকে বের করে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, স্বশাসিত স্থানীয় সরকার এবং সাংবিধানিক জবাবদিহির অভিন্ন অঙ্গীকারে উন্নীত করতে হবে।
আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র হবে এমন একটি নৈতিক প্রজাতন্ত্র, যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার রাষ্ট্রের নৈতিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। যেখানে নাগরিক রাষ্ট্রের প্রজা নয়, রাষ্ট্রের মালিক; রাষ্ট্র নাগরিকের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রতিষ্ঠান নয়, নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার প্রতিষ্ঠান।
 

জাতীয় ঐকমত্যের রাজনৈতিক দায়িত্ব
বর্তমান পরিস্থিতিতে সরকার ও বিরোধী দল উভয়েরই রাজনৈতিক দায়িত্ব রয়েছে। সরকারকে সংখ্যাগরিষ্ঠতার শক্তিকে একক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হিসেবে বিবেচনা না করে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। বিরোধী দলকেও কেবল বিরোধিতার রাজনীতি কিংবা রাজপথের কর্মসূচির মধ্যে নিজেদের ভূমিকা সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের বিকল্প প্রস্তাব ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস দূর করতে হলে প্রথমেই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে একটি অভিন্ন নীতিগত অবস্থান তৈরি করতে হবে। এরপর বাস্তবায়নের সাংবিধানিক পদ্ধতি, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সময়সীমা নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে। এখানে কোনো পক্ষের বিজয় কিংবা পরাজয় মুখ্য হতে পারে না। মুখ্য হওয়া উচিত জনগণের অভিপ্রায়, সাংবিধানিক বৈধতা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক ভবিষ্যৎ। বাংলাদেশ এখন এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সংঘাতের রাজনীতি রাষ্ট্রকে আরও বিভক্ত করতে পারে, আর ঐক্যের রাজনীতি গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে যে ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে, তাকে দলীয় স্বার্থ, ক্ষমতার প্রতিযোগিতা কিংবা পারস্পরিক অবিশ্বাসের কারণে ব্যর্থ হতে দেয়া যায় না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে একটি নতুন জাতীয় ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। এই ঐক্য কোনো ব্যক্তির, দলের কিংবা সরকারের রাজনৈতিক বিজয়ের জন্য নয়; এটি জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, রাষ্ট্রের ক্ষমতাকাঠামোর গণতান্ত্রিক রূপান্তর এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জবাবদিহিমূলক প্রজাতন্ত্র নির্মাণের অঙ্গীকার।
 

রাজনৈতিক ঐক্য মানে মতের ঐক্য নয়; রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে অভিন্ন দায়িত্ববোধ। সংঘাতের পরিবর্তে সমঝোতা, প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার, ক্ষমতার একচ্ছত্রতার পরিবর্তে জনগণের সার্বভৌমত্ব এবং দলীয় রাষ্ট্রের পরিবর্তে জনগণের প্রজাতন্ত্র-এই রাজনৈতিক দর্শনকে ধারণ করেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নৈতিক প্রজাতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে।
লেখক: গীতিকবি ও রাজনৈতিক বিশ্লেষক।
faraiæees@gmail.com

 

মতামত'র অন্যান্য খবর